
মে মাসে কানাডায় দাবি করা গড় বাড়ি ভাড়া ২ হাজার ২০২ ডলারের নতুন রেকর্ড করেছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ বেশি। তবে আগের মাসের চেয়ে বেশি দশমিক ৬ শতাংশ। আরবানেশন এবং রেন্টালসডটসিএর নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রেন্টালসডটসিএর নেটওয়ার্কের মাসিক লিস্টিং বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথমবারের মতো দাবিকৃত গড় ভাড়া ২ হাজার ২০০ ডলার অতিক্রম করল।
প্রতিবেদনের ভিত্তিতে মে মাসে কানাডায় এক শয়নকক্ষের ইউনিটের দাবিকৃত গড় ভাড়া ছিল ১ হাজার ৯২৭ ডলার, এক বছর আগের তুলনায় যা ১০ দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে দুই শয়নকক্ষের ইউনিটের ভাড়া চাওয়া হয়েছে গড়ে ২ হাজার ৩৩৪ ডলার, আগের বছরের একই মাসের তুলনায় যা ১২ দশমিক ১ শতাংশ বেশি।
সার্বিকভাবে মে মাসে পারপাস-বিল্ট ভাড়াভিত্তিক অ্যাপার্টমেন্টের ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ বেড়ে গড়ে ২ হাজার ১৪৬ ডলারে উন্নীত হয়েছে। এটা কন্ডোমিনিয়ামের ভাড়া বৃদ্ধির চারহগুণ। মে মাসে কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১২ ডলার।
সব প্রদেশেই মে মাসে পারপাস-বিল্ট এবং কন্ডোর ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে সাস্কেচুয়ান। প্রদেশটিতে মে মাসে ভাড়া ২১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৪ ডলারে উন্নীত হয়েছে। এরপর সবচেয়ে বেশি বেড়েছে আলবার্টায়। প্রদেশটিতে ১৭ দশমিক ৫ শতাংশ বেড়ে মে মাসের ভাড়া ছিল গড়ে ১ হাজার ৭৮৭ ডলার। অন্যান্য প্রদেশের মধ্যে নোভা স্কশিয়ায় ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ ডলার।
মে মাসে সবচেয়ে বেশি ভাড়া চাওয়া হয়েছে ব্রিটিশ কলাম্বিয়ায় গড়ে ২ হাজার ৫২৬ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৩ শতাংশ বেশি। বার্ষিক হিসাবে মে মাসে এরপর সবচেয়ে বেশি ভাড়া চাওয়া হয়েছে অন্টারিওতে ২ হাজার ৪২৩ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি।
এ ছাড়া কুইবেকে দাবিকৃত গড় ভাড়া মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯৯ ডলারে দাঁড়িয়েছে। আর ম্যানিটোবায় ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে গড়ে ১ হাজার ৬২৩ ডলার।
তবে ভ্যানকুভারে বাড়ি ভাড়া এক বছর আগের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কমে মে মাসে গড়ে ৩ হাজার ৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে টরন্টোতে দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে গড়ে ২ হাজার ৭৮৪ ডলার।

