
টরন্টোর পূর্বদিকে নতুন নামকৃত পার্কে ১ জুন কয়েক ডজন মানুষ জড়ো হন ক্যারোলাইন হুয়েবনার মাকুরাতের জীবনকে উদযাপনের লক্ষ্যে। ১১ মাস আগে এলোপাতাড়ি এক গুলিতে নিহত হন তিনি।
পুনর্নামকরণ অনুষ্ঠানে সমবেত পরিবারের সদস্য, বন্ধু ও নির্বাচিত কর্মকর্তাদের উদ্দেশে হুয়েবনার-মাকুরাতের স্বামী আদ্রিয়ান মাকুরাত বলেন, এখানে প্রাপ্ত বয়স্করা যেমন এসেছেন একই সঙ্গে এসেছে শিশুরাও। ক্যারোলাইন আসলে কী ছিলেন এই জমায়েতই তা বলে দিচ্ছে বলে আমি মনে করি। সে ছিল পূর্ণাঙ্গ মানুষ।
পুনর্নামকৃত ক্যারোলাইন হুয়েবনার পার্কের অবস্থান লোগান এভিনিউ এবং ডানডাস স্ট্রিট ইস্টের কাছে। ২০২৩ সালের ৭ জুলাই হুয়েবনার-মাকুরাত দুপুরের খাবার খাওয়ার জন্য কুইন স্ট্রিট ইস্ট ও কার্লো এভিনিউয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পুলিশ বলেছে, সেটা ছিল সম্ভবত ডাকাতি, যা সহিংসতায় রূপ নেয় এবং দুজন ব্যক্তি হ্যান্ডগান বের করে গোলাগুলি শুরু করে। এ সময় এলোপাতাড়ি একটি গুলি দুই সন্তানের মা ৪৪ বছর বয়সী এক পথচারীর গায়ে এসে লাগে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
হুয়েবনার-মাকুরাতের মৃত্যুর পর পর ড্যামিয়েন হাডসন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। ১৫ আগস্ট মুস্তাফা ইব্রাহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ আনা হয়। তবে তৃতীয় সন্দেহভাজন আহমেদ আলী দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বাস তদন্তকারীদের। হত্যা ও আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে কানাডাব্যাপী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চতুর্থ সন্দেহভাজন খলিলা জারা মোহাম্মদের বিরুদ্ধে বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

