
হাউস অব কমন্সের স্পিকার ও লিবারেল এমপি গ্রেগ ফারগাসের রাইডিংয়ে আসন্ন অনুষ্ঠানের ঘোষণা দিতে দলীয় যে ভাষা ব্যবহার করা হয়েছে সেজন্য তার কাছে ক্ষমা চেয়েছে লিবারেল পার্টি অব কানাডা। বিষয়টিকে পুঁজি করে বিরোধীরা নতুন করে স্পিকারের পদত্যাগ দাবি করেছে।
পার্টির জাতীয় পরিচালক আজম ইসমায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখা সংক্ষিপ্ত এক চিঠিতে বিষয়টির ব্যাখ্যা করে বলেছেন, লিবারেলডটসিএতে পোস্ট করা ভাষা ফারগাসের অজ্ঞাতেই শেয়ার করা হয়েছে। পার্টি ও রাইডিং অ্যাসোসিয়েশনের মধ্যে যোগাযোগের ঘাটতির ফল এটি। এই ভুলের জন্য লিবারেল পার্টি অব কানাডা আপনার কাছে দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাইছে। সেই সঙ্গে এর সম্পূর্ণ দায় নিচ্ছে।
কনজার্ভেটিভরা এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো ফারগাসের পদত্যাগ দাবি করার পর ক্ষমা চাইল লিবারেলরা। কনজার্ভেটিভদের যুক্তি হচ্ছে, তার রাইডিংয়ের একটি অনুষ্ঠানে ফারগাস অংশ নিচ্ছেন বলে যে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে তা খুবই দলীয়, কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরকে উদ্বিগ্ন করেছে।
স্পিকারের কার্যালয়ের আউটরিচ ও মিডিয়া রিলেশনের পরিচালক ম্যাথিউ গ্র্যাভেল বলেছেন, ফারগাসের রাইডিংয়ে হওয়ায় হাউস অব কমন্সের ক্লার্ক অনুষ্ঠানটি নিয়ে কোনো উদ্বেগ দেখাননি। অনুষ্ঠানটির অনুমোদন রয়েছে। ওয়েবসাইটে পার্টির তরফ থেকে যে টেক্সট ব্যবহার করা হয়েছে তা সাধারণ এবং ফারগাসের দল তা অনুমোদন করেনি।
স্পিকার এবারই যে প্রথম পদত্যাগের দাবির মুখে পড়লেন তেমন নয়। এ বছরের গোড়ার দিকে অন্টারিও লিবারেল পার্টির এক অনুষ্ঠানে স্পিকারের পোশাকে তাকে ভিডিওতে দেখাটা সমর্থনযোগ্য নয় বলে জানায় কনজার্ভেটিভ ও ব্লক কুইবেকোয়িস। ওই সময় ফারগাস বলেছিলেন, হাউস যদি তার ওপর আস্থা হারিয়ে ফেলে তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন। কিন্তু এনডিপি তাকে আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বলে, এ ধরনের দলীয় আচরণ ভবিষ্যতে ঘটা উচিত নয়।

