
৩২ বছর ধরে টরন্টো ফায়ার সার্ভিসে কাজের ইতি টানছেন ফায়ার চিফ ম্যাথিউ পেগ। ১০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবসরের কথা ঘোষণা করেন পেগ। ৪ অক্টোবর ফায়ার চিফ হিসেবে তার দায়িত্বের শেষ দিন হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, ৩২ বছরের বেশি সক্রিয় সেবাদানের পর সুস্থ্যভাবে অবসরে যেতে পারাটা আমার জন্য খুবই প্রশংসার। এমন একটা দিনও নেই যেদিন টরন্টো ফায়ার সার্ভিসের ইউনিফরম পরে এবং ৩ হাজার ২৬৫ জন পেশাজীবীর এই অবিশ^াস্য টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত হয়নি।
গত আট বছর ধরে টরন্টোর ফায়ার চিফের দায়িত্ব পালন করছেন পেগ। মহামারির সময় তিনি দুই বছর ধরে সিটির স্ট্র্যাটেজিক রেসপন্স টিমের নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ, টরন্টোর কোভিড-১৯ সংক্রান্ত ঘটনার কমান্ডার ছিলেন।
বিবৃতিতে তিনি বলেন, ২০১৬ সালে যখন আমি ফায়ার চিফ হউ তখন একসঙ্গে রূপান্তরের একটি যাত্রায় আমরা শামিল হয়েছিলাম। আজ টরন্টো হচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ সিটি, যার রয়েছে কমিশন অন ফায়ার অ্যাক্রিডিটেশন ইন্টারন্যাশনালের অধীনে স্বীকৃত ফায়ার সার্ভিস। সবাই মিলে আমরা একটি উপাত্ত সজাগ, জনগণের প্রতি মনোযোগী একটি পেশাদার টিম গঠন করেছি, যারা কানাডার সর্ববৃহৎ ও সবচেয়ে জটিল শহরের জননিরাপত্তা উন্নত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়তাপূর্ণ কর্মক্ষেত্র তৈরি করেছি, যা যে কমিউনিটিগুলোকে আমরা সেবা দিয়ে থাকি তার উন্নত প্রতিবিম্ব।

