
চুরি যাওয়া ৫০ লাখ ডলার মূল্যমানের ঘড়ি একাধিক অভিযানে উদ্ধার করেছে টরন্টো পুলিশ। সেই সঙ্গে দুই ব্যক্তির প্রত্যেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
২০২৩ সালে ৩০ অক্টোবর স্পাদিনা এভিনিউ এবং অ্যাডেলেইড স্ট্রিটের কাছে বিকাল সাড়ে চারটার দিকে ডাকাতির খবর পায় পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, পরিচয় গোপন রাখতে মুখোশ পরে দুই ব্যক্তি একটি স্টোরের ভেতরে প্রবেশ করে। ডেলিভারি দেওয়ার ভান করে এক ব্যক্তি ডোরবেল বাজায় এবং ভুক্তভোগী দরজা খোলামাত্র জোর করে ভেতরে ঢুকে পড়ে। এরপর এক সন্দেহভাজন হ্যান্ড গান বের করে ভুক্তভোগীর দিকে তাক করে। এরপর ওই ব্যক্তিকে মেঝেতে ফেলে দিয়ে রশি দিয়ে হাত বেঁধে ফেলা হয়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা ঘটনাস্থল ত্যাগ করার আগে অনেকগুলো ঘড়ি সরিয়ে ফেলে, যেগুলোর মূল্য প্রায় ৫০ লাখ ডলার।
পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও একজনকে শনাক্ত করেছে। হোল্ড আপ স্কোয়াড ২০২৩ সালের ২১ ডিসেম্বর তদন্ত সংশ্লিষ্ট দুটি ফৌজদারি বিধির তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করে এবং আগে শনাক্ত করা এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। চুরি যাওয়া বেশ কিছু ঘড়িও এ সময় উদ্ধার করে পুলিশ।
টরন্টোর বাসিন্দা ৩৪ বছর বয়সী ড্যানিয়েল জামিলের বিরুদ্ধে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ পাচারসহ আরও দুটি অভিযোগ আনা হয়েছে। ৮ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, হোল্ড আপ স্কোয়াড তাদের তদন্ত জারি রেখেছে এবং ডাকাতির ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে শনাক্ত করেছে। ২০২৪ সালের ৯ মে তারা তদন্ত সংশ্লিষ্ট আরেকটি তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করেন এবং সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নেন।
এ ব্যাপারে কারো কাছে আর কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৭৩৫০ নাম্বারে পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

