
অন্টারিওজুড়ে ইহুদিবিদ্বেষ ও ইসলামোফোবিয়া বেড়ে যাওয়ায় তা রুখতে বিদ্বেষবিরোধী অনুদানে তহবিল বাড়াচ্ছে প্রাদেশিক সরকার। অন্টারিও সরকার ৭ নভেম্বর জানিয়েছে, প্রদেশের অ্যান্টি-হেইট সিকিউরিটি অ্যান্ড প্রিভেনশন গ্রান্টে চলতি বছর অতিরিক্ত ২ কোটি ৫ লাখ ডলার বিনিয়োগ করবে সরকার। এই তহবিলে ইহুদি ও মুসলিম কমিউনিটিগুলোর অগ্রাধিকার থাকবে, যেখানে ধর্মভিত্তিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করা হবে, যাতে কমিউনিটিগুলো নিরাপদ থাকে।
সিটিজেনশিপ ও মাল্টিকালচারাল মন্ত্রী মাইকেল ফোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা যে ইহুদিবিদ্বেষ, ইসলামোফোবিয়া ও বিদ্বেষমূলক অন্যান্য কর্মকা- বাড়তে দেখছি, অন্টারিওতে তার কোনো স্থান নেই। অন্টারিওর ইহুদি ও মুসলিম কমিউনিটির প্রতি আমাদের জোরালো অবস্থান রয়েছে এবং তাদের ও সব ধর্মভিত্তিক ও সাংস্কৃতিক গ্রুপের সঙ্গে কাজ অব্যাহত রাখব, যাতে করে তাদের সুরক্ষা নিশ্চিত হয়।
প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মসিজদ-সিনাগগ থেকে শুরু করে ধর্মভিত্তিক স্কুলগুলো বিদ্বেষপ্রসূত ঘটনা থেকে তাদের স্থানকে সুরক্ষিত রাখতে ২০ হাজার ডলার পর্যন্ত পাবে। বিদ্বেষপূর্ণ গ্রাফিতি এসব ঘটনার মধ্যে অন্যতম। অনুদানের তহবিল বিভিন্ন সুরক্ষা ব্যবস্থার জন্য ব্যয় হবে। যেমন নিরাপত্তাকর্মী নিয়োগ ও ভবন মেরামত।
সলিসিটর জেনারেল মাইকেল কার্জনার বলেন, অন্টারিওতে ইহুদিবিদ্বেষ, ইসলামোফোবিয়া এবং বিদ্বেষের কোনো স্থান নেই এবং এগুলো আমাদের গণতন্ত্রের জন্য বিষাক্ত। সব ধর্মবিশ^াসী মানুষের তাদের কমিউনিটিতে নিরাপদ বোধ করার অধিকার রয়েছে। তাদের উপাসনালয়গুলোও সম্মানের দাবি রাখে।
নতুন এই প্রাদেশিক বিনিয়োগ এরই মধ্যে বরাদ্দ ১ কোটি ২৫ হাজার ডলারের অতিরিক্ত। আগ্রহীরা তহবিলের জন্য ১৪ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবে।

