
ব্যাংক অব কানাডা বুধবার সুদের হার আরেক দফা বাড়িয়েছে। মূল্যস্ফীতি দুই শতাংশের মধ্যে আনতে সময় লাগবেÑএমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঋণকে আরও ব্যয়বহুল করতে এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় ব্যাংক। এই দফায় কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে নীতিনির্ধারণী সুদের হার দাঁড়িয়েছে ৫ শতাংশে, ২০০১ সালের পর যা সর্বোচ্চ।
প্রত্যাশার চেয়ে অর্থনীতিতে বেশি চাঙ্গাভাব থাকায় সুদের হার বাড়তে পারে পূর্বাভাসদাতাদের ধারণাই ছিল। গভর্নর টিফ ম্যাক্লেম সুদের হার বৃদ্ধির পক্ষে সংবাদ সম্মেলনে তার যুক্তি তুলে ধরেন। সেই সঙ্গে আগামীতে সুদের হার বৃদ্ধির পথ উন্মুক্ত রাখার বিষয়টিও ঘোষণা করেন।
তিনি বলেন, এই সিদ্ধান্তগুলো কঠিন এবং সুদের হার অপরিবর্তিত রাখা যায় কিনা সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। নীতিনির্ধারণী সুদের হার সত্যিই বাড়ানো প্রয়োজন কিনা সে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা অনেক বেশি তথ্য সংগ্রহ করেছি। এরপর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, বিলম্বিত করার ক্ষতিটা অপেক্ষা করার চেয়ে বেশি হবে।
কেন্দ্রীয় ব্যাংক তাদের পূর্বাভাসে বলেছে, মূল্যস্ফীতি তাদের ২ শতাংশের মধ্যে ২০২৫ সালের মাঝামাঝি সময়ের আগে আসবে না। সুদের হার যে সহসাই কমছে না সেই ইঙ্গিতই দিচ্ছে এটা।
বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার বলেন, মূল্যস্ফীতির ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা স্পষ্ট যে, সুদের উচ্চ হার আরও দীর্ঘ হবে। এর অর্থ হলো কানাডিয়ানদের উচ্চ সুদের হারে আরও পুড়তে হবে।

