
কানাডার প্রায় সকল শহরে বাড়ি ভাড়া বাড়ছেই। তবে এটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ম্যানিটোবাতে। গত তিন বছরের তুলনায় জাতীয়ভাবে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি ছিল গত মাসে। এর পরিমাণ ছিল ২ হাজার ৪২ ডলার। এই তথ্য এসেছে রেন্টালসডটসিএর রেন্টাল মার্কেট রিপোর্ট থেকে।
টরন্টো, ভ্যানকুভার এবং ব্রিটিশ কলাম্বিয়ার বার্নাবির মতো বড় শহরগুলোতে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি হলেও উইনিপেগের মতো শহরও একই প্রবণতা দেখতে পাচ্ছে। গত মাসে শহরটিতে বাড়ি ভাড়া বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২ শতাংশ। শহরটিতে স্টুডিও অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া গড়ে ১ হাজার ১৩ ডলার। এ ছাড়া তিন শয়নকক্ষের বাড়ির ভাড়া ২ হাজার ১৮৪ ডলার।
রেন্টালসডটসিএর কন্টেন্ট ডিরেক্টর পল ড্যানিসন বলেন, এর কারণ মূলত চাহিদার বিপরীতে বাড়ির সরবরাহ কমে যাওয়া। উইনিপেগে সাশ্রয়ে বাস করার কথা থাকলেও সীমিত সরবরাহ অনেকের জন্যই ভালো মানের সাশ্রয়ী বাড়ি খুঁজে পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তিনি বলেন, এ সমস্যা সমাধানে প্রাদেশিক, ফেডারেল, এমনকি মিউনিসিপাল সরকারকেও একসঙ্গে কাজ করতে হবে। তাদেরকে অবশ্যই এক টেবিলে বসে উদ্ভাবনী কিছু সমাধানে আসতে হবে। আবাসনের সমস্যা আছে এবং এটা ক্রয়ক্ষমতার সংকট। অতোটা সরল নয় ব্যাপারটা। একক কোনো বিষয় এ সমস্যা সমাধান করতে পারবে না।
তিনি বলেন, আরেকটি সমাধান হতে পারে বাণিজ্যিক ভবনকে আবাসিকে রূপান্তর করা। কারণ, বাণিজ্যিক জোনে ভবন খালি থাকার হার এখন ১৭ শতাংশ। এ ধরনের ভবনকে বসবাসের জন্য ব্যবহার করা গেলে সরবরাহ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে।

