
গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) গত মাসে বাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে ক্রেতারা ধারাবাহিকভাবে সরবরাহ সংকটের মধ্যে রয়েছেন।
টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ডের তথ্য অনুযায়ী, জুন মাসে জিটিএতে বাড়ি বিক্রি হয়েছে ৭ হাজার ৪৮১টি। আগের বছরের একই মাসে বিক্রি হয়েছিল যেখানে ৬ হাজার ৪২২টি বাড়ি। তবে মে মাসের তুলনায় জুনে বাড়ি বিক্রি হ্রাস পেয়েছে। মে মাসে জিটিএতে বিক্রি হয়েছিল ৯ হাজার ১২টি বাড়ি।
টিআরআরইবির প্রেসিডেন্ট পল ব্যারন এক বিবৃতিতে বলেছেন, বাড়ির মালিক হওয়ার চাহিদা গত বছরের চেয়ে এ বছর বেড়েছে। মূল্যস্ফীতির ব্যাপারে ব্যাংক অব কানাডার পূর্বাভাস এবং সুদের হারকে কেন্দ্র করে অনিশ্চয়তার ফলে গত মাসে বাড়ি বিক্রি বাধাগ্রস্ত হয়েছে। এ ছাড়া ধারাবাহিকভাবে সরবরাহ স্বল্পতাও আগ্রহী অনেক ক্রেতাকে বাজারের বাইরে ঠেলে দিচ্ছে। কারণ, প্রয়োজন অনুযায়ী বাড়ি তারা পাচ্ছেন না। এক কথায় বললে, আপনি যা চাচ্ছেন তা কিনতে পারছেন না।
গত মাসে বিক্রি হওয়া বাড়ির বেশিরভাগই ছিল ডিটাচড। জুনে জিটিএতে ডিটাচড বাড়ি বিক্রি হয়েছে ৩ হাজার ৩৭৭টি। এরপর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কন্ডো অ্যাপার্টমেন্ট ২ হাজার ১২২টি। এ ছাড়া টাউনহাউস বিক্রি হয়েছে ১ হাজার ২৩৩টি এবং সেমি-ডিটাচড বাড়ি বিক্রি হয়েছে ৬৭৮টি।
টিআরআরইবির তথ্য অনুযায়ী, জুনে বাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেলেও লিস্টিং ৩ শতাংশ কমেছে। জুন মাসে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে ১৫ হাজার ৮৬৫টি বাড়ি। ২০২২ সালের জুন মাসে যেখানে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছিল মোট ১৬ হাজার ৩৫৩টি বাড়ি।

