
কর্মরত থাকার পরও কোভিড-১৯ বেনিফিট নেওয়ায় ২০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ)। অভ্যন্তরীণ পর্যালোচনায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিআরএ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ৬০০ কর্মীর বিষয়ে অনুসন্ধান চলছে এবং আরও অনেকেই বরখাস্ত হতে পারে। এই কর্মীরা মহামারির সময় চাকরি না হারানো সত্ত্বেও অন্যায়ভাবে কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট (সিইআরবি) গ্রহণ করেছেন।
কর্মীদের এই সংখ্যা সিআরএর মোট কর্মীবাহিনীর ১ শতাংশেরও কম। ২০২০ সালের মার্চ ও সেপ্টেম্বরের মধ্যে যখন সিইআরবির অধীনে প্রতি মাসে ২ হাজার ডলার করে দেওয়া হয় তখন এটি পরিচালনার দায়িত্বে ছিল সিআরএ। চাকরিতে থাকার পরও কিছু কর্মীর কোভিড-১৯ বেনিফিট দাবি করার বিষয়টি গত ফেব্রুয়ারিতে হাউস অব কমন্সের স্থায়ী কমিটিকে নিম্চিত করে।
শুক্রবার সংস্থাটি বলেছে, সিআরএতে কর্মরত থাকার পরও যেসব কর্মী কোভিড-১৯ সুবিধা গ্রহণ করেছেন তাদের চিহ্নিত করতে অভ্যন্তরীণভাবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে সিআরএ। পর্যালোচনার অংশ হিসেবে ২০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র সিলভি ব্রাঞ্চ।
এক বিবৃতিতে তিনি বলেন, পর্যালোচনা এখনো শেষ হয়নি এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।
তবে চাকরিচ্যুত ব্যক্তিরা কী পরিমাণ অর্থ অন্যায়ভাবে নিয়েছেন সে সম্পর্কিত কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এই অর্থ ফিরিয়ে আনা হবে বলে ফেব্রুয়ারিতে এমপিদের জানায় সিআরএ।
সিইআরবি সুবিধার যোগ্যতা হিসেবে কোনো ব্যক্তিকে মহামারির কারণে তার প্রাথমিক চাকরি বা আয়ের উৎস হারানোর বাধ্যবাধকতা ছিল। তবে যারা চাকরিতে ছিলেন কিন্তু আবেদনের সময় মাসিক আয় এক হাজার ডলারের নিচে নেমে এসেছিল এমন ব্যক্তিরাও এর যোগ্য হবেন বলে শর্ত ছিল।

