
কানাডার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব কানাডার জন্য মনোনীত হয়েছেন টরন্টো র্যাপট্রসের প্রেসিডেন্ট মাসাই উরিজি, অভিনেতা ও লেখক ড্যান লেভি এবং ক্রি আর্টিস্ট কেন্ট মঙ্কম্যান। গভর্নর জেনারেল মেরি সিমন শুক্রবার অর্ডার অব কানাডা সম্মাননার জন্য ৮৫ জনের নাম ঘোষণা করেন। তাদের মধ্যে দুইজন কম্প্যানিয়ন, ২০ জন অফিসার, ৬০ জন সদস্য ও একজন প্রোমোশনে এই সম্মাননা পেয়েছেন।
অফিসার হিসেবে বাস্কেটবল কোর্টে ও কোর্টের বাইরে অসামান্য অবদানের জন্য অর্ডার অব কানাডা সম্মাননা পেয়েছেন উরিজি। একইসঙ্গে এনবিএর প্রেসিডেন্ট এবং মানবতাবাদী হিসেবে এই সম্মাননা পেয়েছেন তিনি।
পিতা ইউজিন লেভির সঙ্গে মিলে শিট’স ক্রিক গড়ে তুলেছেন লেভি। এলজিবিটিকিউআই+ কমিউনিটির জন্য এবং কানাডিয়ান টেলিভিশনকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাচ্ছেন লেভি।
কানাডার সবচেয়ে প্রতিভাবান সমসাময়িক শিল্পী হিসেবে সম্মাননা পাচ্ছেন মঙ্কম্যান। নতুন অফিসার অব দ্য অর্ডারে ভূষিত হয়েছেন অ্যান্ডি কিম, ১৯৬০ এর দশকে সুগার, সুগার লেখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। আরেকজন হলে রাজনৈতিক দার্শনিক উইল কিমলিকা। পারিবারিক চিকিৎসক হিসেবে কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন ডা. জাঁ ইলিয়ানর মারমোরিও। বিশ^ব্যাপী মেনজাইটিস নির্মূলের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাচ্ছেন ডা. রোনাল্ড গোল্ড। ক্যানসারের গবেষণার অগ্রদূত অ্যালান বার্নস্টেইন কম্প্যানিয়ন অব অর্ডারে উন্নীত হয়েছেন। গত বছর অফিসার শ্রেণিতে নাম ছিল তার।
এক বিবৃতিতে গভর্নর জেনারেল বলেছেন, সম্মাননাপ্রাপ্তরা প্রতিদিনই আমাদের কমিউনিটি ও দেশকে উন্নতির দিকে এগিয়ে নিচ্ছেন।
অর্ডার অব কানাডা প্রবর্তন করা হয় ১৯৬৭ সালে। এর মাধ্যমে অসাধারণ অর্জন, কমিউনিটির প্রতি মগ্নতা এবং দেশের প্রতি সেবার স্বীকৃতি দেওয়া হয়। এখন পর্যন্ত ৭ হাজার ৮০০ জনকে এটি দেওয়া হয়েছে।

