
বার্ষিক মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হ্রাস পেলেও ব্যাংক অব কানাডা জুলাইয়ে সুদের হার আরেক দফা বাড়াবে বলে ধারণা করছেন পূর্বাভাসদাতারা। স্ট্যাটিস্টিকস কানাডা তাদের মে মাসের ভোক্তা মূল্যসূচক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। ১২ জুলাই ব্যাংক অব কানাডা সুদের হারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এতে মূল্যস্ফীতি সংক্রান্ত হালনাগাদ তথ্য থাকবে।
টিডির অর্থনৈতিক বিষয়ক পরিচালক জেমস অরল্যান্ডো বলেন, আমার মনে হয় প্রতিবেদনে মূল্যস্ফীতি বিষয়ে আশাবাদী তথ্য থাকবে। মূল্যস্ফীতির হার চার শতাংশের নিচে নেমে আসবে বলে আমাদের ধারণা।
মূল্যবৃদ্ধির হারও লক্ষণীয়ভাবে হ্রাস পেতে পারে বলে আশাবাদী অরল্যান্ডো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যের দাম যেভাবে কমেছে এখানেও একইভাবে কমবে বলে আমরা মনে করছি না। তবে কানাডাতেও যে সেটা দেখা যাবে এমন আশা করা যায়।
এপ্রিলে গ্রোসারিপণ্যের দাম ছিল এক বছর আগের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ বেশি। মাসটিতে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৪ দশমিক ৪ শতাংশ, যা গত গ্রীষ্মের পর প্রথম বৃদ্ধি। ২০২২ সালের মার্চের পর থেকে আগ্রাসীভাবে সুদের হার বৃদ্ধির পরও মূল্যস্ফীতি হ্রাসের এই হার ব্যাংক অব কানাডার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কিন্তু স্ট্যাটিস্টিকস কানাডার নতুন প্রতিবেদনে মূল্যস্ফীতির হার আবারও কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বিএমওর পূর্বাভাস অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতির হার ১ শতাংশীয় পয়েন্ট কমে ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
বিএমওর কানাডিয়ান রেটস ও ম্যাক্রো স্ট্র্যাটেজিস্টের পরিচালক নেঞ্জামিন রিটজিস বলেন, মূল্যস্ফীতির এই উল্লেখযোগ্য হ্রাসের কারণ মূলত এক বছর আগে পণ্যের মূল্য ব্যাপক হারে বেড়ে যাওয়া।
উল্লেখ্য, জুনের গোড়ার দিকে ব্যাংক অব কানাডা সুদের হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে নীতিনির্ধারণী সুদের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ, ২০০১ সালের পর যা সর্বোচ্চ।

