
টরন্টোর পরবর্তী মেয়র হওয়ার জন্য নির্বাচন করছেন না অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তবে সাধারণ ভোটাররা যদি এমনটা ভেবে থাকেন তাহলে তাদেরকে দোষারোপ করার কিছু থাকবে না।
নির্বাচনী প্রচারণায় প্রিমিয়ারের নাম প্রায় প্রতিদিনই আসছে। এক বা একাধিক প্রার্থী ফোর্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রতিযোগিতা করছেন অথবা টরন্টো যাতে ন্যায্য হিস্যা পায় সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন। কুইন’স পার্কের বিরুদ্ধে অবস্থান নেওয়া টরন্টোর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের জন্য নতুন কিছু নয়। কিন্তু প্রিমিয়ারের নাম যদি মেয়র প্রার্থীদের ঠোঁটে খুব বেশিবার শোনা যায় তাহলে কিছু দায় তাকে নিতেই হবে।
প্রচারণার শুরুর দিকে প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছিলেন, বামপন্থী মেয়র টরন্টোর জন্য বিপর্যয়কর হবে। বামপন্থী কোনো মেয়র যদি আসে তাহলে আমাদের পুড়তে হবে। আমি আপনাদের বলছি, আমার মতে সেটা বিপর্যয় ডেকে আনবে। জন টরি পদত্যাগের কয়েকদিন পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেছিলেন।
নির্বাচনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়ার পরও ফোর্ড পুলিশ বাজেট কাটছাঁট করতে পারেন এমন কাউকে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
আনুষ্ঠানিকভাবে তিনি কাউকে সমর্থন না দিলেও মার্ক সন্ডারসের প্রার্থীতাকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, তার জন্য নির্বাচনে অংশ নেওয়াটা দারুণ হবে। সন্ডারস এর আগে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির টিকিটে প্রাদেশিক নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং অন্টারিও প্লেসের পুনঃউন্নয়নে বিশেষ উপদেষ্টা হিসেবে ফোর্ড সরকার কর্তৃক নিয়োগ পান।
মার্ক সন্ডারসের জন্য ফোর্ডের এই প্রশংসা জনগণের দৃষ্টি এড়ায়নি। আনা বাইলাও বলেন, মার্ক সন্ডারস ডগ ফোর্ডের হাতের পুতুল। তাকে নির্বাচিত করা মানে প্রিমিয়ার এবং টরন্টোর মেয়র হিসেবে ডগ ফোর্ডকেই নির্বাচিত করা।
প্রিমিয়ার কুইন’স পার্ক থেকে টরন্টোর নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে যে অভিযোগ সে ব্যাপারে জানতে চাইলেও ফোর্ডের কার্যালয় থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। কিংবা নগরীর জন্য নতুন মেয়রের অন্টারিও প্লেসের ভাগ্যসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে মান্যতা দেবেন কিনা সে সংক্রান্ত প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি ফোর্ডের কার্যালয়।

