
যেসব টরন্টোবাসীর বার্ষিক আয় ২ লাখ ৩৬ হাজার ডলারের বেশি তাদেরকে টরন্টোতে বাড়ি ক্রয়ে ডাউনপেমেন্টের জন্য প্রায় ২৫ বছর সঞ্চয় করতে হবে। ন্যাশনাল ব্যাংক অব কানাডার (এনবিসি) নতুন হাউজিং অ্যাফোর্ডেবিলিটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তবে আবাসন বাজারে ক্রয়ক্ষমতার পরিস্থিতির জন্য উন্নতি হচ্ছে সেটাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
২০২৩ সালের হাউজিং অ্যাফোর্ডেবিলিটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে এনবিসি। প্রতিবেদনে কানাডার দশটি বড় শহরের কন্ডো বাজারের পাশাপাশি অন্যান্য বাসস্থান ও সার্বিকভাবে আবাসন বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।
টরন্টোতে ডিটাচড ও সেমি-ডিটাচড বাড়ির ডাউনপেমেন্ট ২০ শতাংশ। যদিও হ্যামিল্টনে এ হার সাত শতাংশের মতো। ২৫ বছর ও সাত বছর মেয়াদী আবাসন ঋণের মাসিক কিস্তিও খতিয়ে দেখা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ক্রয়ক্ষমতা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্রয়ক্ষমতা পরিস্থিতি চার বছরের মধ্যে সবচেয়ে বেশি উন্নত হয়েছে। এই প্রান্তিকে ভ্যানকুভার, টরন্টো ও হ্যামিল্টনে বাড়ির দাম সবেচেয়ে বেশি কমেছে এবং ক্রয়ক্ষমতার সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। তবে আয়ের অংশ হিসেবে টরন্টোর মর্টগেজ পরিশোধ কানাডার ভিত্তিরেখার অনেক নিচে অর্থাৎ ৪৩ শতাংশের নিচে অবস্থান করছে। গ্রেটার টরন্টো এরিয়ার ক্রয়ক্ষমতা টানা নয় মাস অবনতির পর ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দ্বিতীয়বারের মতো উন্নত হয়েছে।
টরন্টোতে একটি বাড়ির মালিক হতে একটি পরিবারের বার্ষিক আয় দরকার ২ লাখ ৩৬ হাজার ডলারের ওপরে। টরন্টোতে বর্তমানে বাড়ির দাম গড়ে ১১ লাখ ৬৩ হাজার ৬৭০ ডলার। এই আয়ে ডাউন পেমেন্ট দিতে হলে ৩০৪ মাস বা ২৫ বছর সঞ্চয় করতে হবে পরিবারটিকে। তবে বার্ষিক ১ লাখ ৬৫ হাজার ডলারের আয়ের একটি পরিবারকে কন্ডোর ডাউন পেমেন্ট দিতে সঞ্চয় করতে হবে ৫৮ মাস। টরন্টোতে বর্তমানে কন্ডোর দাম ৬ লাখ ৯৫ হাজার ৬৯১ ডলার।
হ্যামিল্টনে একটি একক পরিবারের জন্য বাড়ি ক্রয়ে কোনো পরিবারকে আয় করতে হবে বছরে ২ লাখ ২০ হাজার ডলার। হ্যামিল্টনে বর্তমানে একক পরিবারের বাড়ির দাম ৯ লাখ ৩৩ হাজার ৪৩৭ ডলার। এই আয়ের একটি পরিবারকে একক পরিবারের বাড়ির ডাউন পেমেন্ট দিতে হলে সঞ্চয় করতে হবে ৯৩ মাস বা সাড়ে সাত বছর।
হ্যামিল্টনের কন্ডো বাজারের অবস্থাও টরন্টোর মতোই। বার্ষিক ১ লাখ ৬০ হাজার ডলারের আয়ের একটি পরিবারকে হ্যামল্টনে ৬ লাখ ৭১ হাজার ৬৯৪ ডলারের একটি কন্ডো অ্যাপার্টমেন্টের ডাউন পেমেন্ট দিতে সঞ্চয় করতে হবে ৫৭ মাস।

