
পূর্ণাঙ্গ নিবন্ধনের প্রস্তুতিকালে আন্তর্জাতিকভাবে শিক্ষিত নার্সদের নিবন্ধনের অনুমতি দিয়েছে অন্টারিওর নার্সিং কলেজ। এর ফলে স্বাস্থ্যসেবা খাতে হাজারো নার্স যুক্ত হবে বলে আশা করছে সরকার। যদিও এতোটা আশাবাদী নয় নার্সদের ইউনিয়ন।
যত দ্রুত সম্ভব স্বাস্থ্য ব্যবস্থাকে স্থিতিশীল করার লক্ষ্যেই এ পরিবর্তন বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। এক বিবৃতিতে তিনি বলেন, এই পরিবর্তন আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দ্রুত নার্স সংযুক্ত করবে। এর ফলে জনগণের প্রয়োজনমতো সেবা পাবে। নার্স, চিকিৎসক, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার্স ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে সহায়তা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে কাজ করবে অন্টারিও সরকার।
এমন এক সময় বিদেশি নার্সদের নিবন্ধনের এই ঘোষণা এলো যখন নার্স সংকটে প্রদেশজুড়ে হাসপাতালগুলোর জরুরি বিভাগ বন্ধের মুখে রয়েছে। পাশাপাশি জরুরি বিভাগগুলোতে রোগীদের দীর্ঘ সারি সৃষ্টি হওয়ার পাশাপাশি অপেক্ষমাণ সময়ও বেড়ে গেছে। কমে গেছে অ্যাম্বুলেন্সের প্রাপ্যতাও।
প্রদেশে নার্সের সংখ্যা বাড়াতে এর আগে কলেজ অব নার্সেস অব অন্টারিওকে খসড়া নীতিমালা তৈরি করতে বলেন। এখন সেটা অনুমোদন দেওয়া হলো।
কলেজ কর্তৃপক্ষ বলছে, এই পরিবর্তন বর্তমানে অন্টারিওতে বসবাসরত ৫ হাজার ৯৭০ জন আন্তর্জাতিক আবেদনকারীর জন্য সম্ভাব্য সুফল বয়ে আনবে।
কলেজের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভি ক্রফোর্ড বলেন, এরই মধ্যে তারা নিবন্ধনের রেকর্ড ভঙ্গ করেছে এবং এখন এই সাফল্যের ওপর ভর করে এগিয়ে যেতে হবে। এই পরিবর্তন স্বাস্থ্যসেবা খাতে কেবল নিরাপদ, যোগ্য নার্সের সংখ্যাই বাড়াবে না, জননিরাপত্তাও নিশ্চিত করবে।
অন্টারিও নার্সেস’ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাথরিন হোই বলেন, এই ঘোষণা কোনোভাবেই অন্টারিওর ভয়াবহ নার্স সংকটের আশু সমাধান দেবে না। আন্তর্জাতিক নার্সরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন তাদেরকে তদারকির প্রয়োজন হবে। সরকারের উচিত বিল ২৪ তুলে নেওয়া। বিলটিতে নার্স ও অন্যান্য সরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

