
অন্টারিওর আগামী প্রভিন্সিয়াল নির্বাচনে ওকভিল- নর্থ বার্লিংটনের আসনে লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত কানিজ মৌলি। কানিজ মৌলি বে স্ট্রিটে আর্থিক পরিষেবা খাতে ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত একজন সফল পেশাজীবী, যিনি কৌশলগত এবং বৃহত্তর রূপান্তর বিনিয়োগ খাতের দায়িত্বে নিয়োজিত। এর আগে কানিজ একজন অভিজ্ঞ ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে সরকারি এবং বেসরকারি দুই খাতেই কাজ করেছেন। তাঁর রয়েছে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা এবং তিনি কুইন্সপার্কে বিভিন্ন প্রাদেশিক মন্ত্রণালয়ে মন্ত্রীদের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
সুদীর্ঘ সময় ধরে প্রগতিশীল আন্দোলনের কর্মী কানিজ অন্টারিও প্রদেশে প্রগতিশীল পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি রাজনীতির ক্ষেত্রে জনবৈচিত্র্য, নারী এবং সমাজের সব অংশের মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অভিবাসী বাবা-মায়ের সন্তান এবং একজন গর্বিত কেনেডিয়ান কানিজ এমন একটি উন্নত ভবিষ্যৎ তৈরির উদ্দেশ্যে কাজ করে যেতে চান যেখানে পরিশ্রমী কেনেডিয়ান মাত্রেই সফল হতে পারবেন। ওকভিল-নর্থ বার্লিংটনের একজন বাসিন্দা হিসেবে কানিজ স্থানীয়দের সমস্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানেন ও বোঝেন। সবারআগে তিনি কম্যুনিটিকেই প্রাধান্য দিয়ে থাকেন।
কানিজ কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এ ব্যাচেলার্স এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। বোর্ড অফ কমার্স তাঁকে ৪০ এর নিচে লক্ষ্য করবার মত ৪০ জন উজ্জ্বল ব্যক্তিত্বের একজন বলে চিহ্নিত করেছে। কানিজ তাঁর স্বামী ড্যান এবং সন্তান জেইন এর সাথে ওকভিল-নর্থ বার্লিংটন এলাকায় বসবাস করেন।

