
বি১১৭ নামে করোনাভাইরাসের নতুন ধরনটি টরন্টোতে ছড়িয়ে পড়ছে এবং জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিবিধানগুলো নাগরিকদের নতুন করে ভাবা উচিত বলে মন্তব্য করেছেন নগরীর শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা।
টরন্টো জনস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা সোমবার বিকালে বলেন, বি১১৭ নামে করোনাভাইরাসের নতুন ধরনটি কম করে হলেও ৫৪ শতাংশ বেশি সংক্রামক। এরই মধ্যে এটি অন্টারিওতে চলে এসেছে। আগামীতে এটি যে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে, নাগরিকদের অবশ্যই সে বিষয়টি বিবেচনায় নিতে হবে।
এটি বিবেচনায় নিয়ে বাসিন্দাদের নিজেদের ও তাদের চারপাশের মানুষদের সুরক্ষায় যেভাবে কাজ করা প্রয়োজন তা করতে হবে। এমনকি সংক্রমণ কমে এলেও নিজেদের সুরক্ষিত রাখার কাজটি চালিয়ে যেতে হবে বলে জানান দ্য ভিলা।
তিনি বলেন, সংক্রমণের উৎসগুলো এড়িয়ে চলার মধ্য দিয়ে আমরা করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে পারি। এর মধ্য দিয়ে আমি কী বোঝাতে চাইছি তা আপনারা আগেই জানেন। আশা করি বিষয়টিকে আপনারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। এর অর্থ হলো যতটা সম্ভব আলাদা থাকার চেষ্টা করুন এবং কিছু ব্যতিক্রম ছাড়া দেখা-সাক্ষাৎ কমিয়ে দিন।
এখন পর্যন্ত অন্টারিওতে ৩৪ জন বি১১৭ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছয়জন ব্যারি লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দা। কেয়ার হোমটির দুজন বাদে সবাই কোভিড-১৯ পজিটিভ।
করোনাভাইরাসের বি১১৭ ধরনটি নিয়ে শঙ্কার প্রধান কারণ ব্যাপকমাত্রায় এর সংক্রমণ সক্ষমতা। পাশাপাশি সোমবার এক সংবাদ সম্মেলনে অন্টারিওর জনস্বাস্থ্য কর্মকর্তারা এটাও স্বীকার করেছেন যে, ভাইরাসের নতুন ধরনটি বেশ মারাত্মকও।
মাইকেল গ্যারন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক ডা. মাইকেল ওয়ার্নার বলেন, মহামারির শেষ প্রান্তে আমরা এখনও আসিনি। তাই নতুন ধরনটি চিহ্নিত করা ও জনস্বাস্থ্য বিষয়ক বিধিবিধানগুলো মেনে চলা খুব বেশি জরুরি। এমনকি সংক্রমণ কমে এলেও এটা চালিয়ে যেতে হবে।

