
স্কারবোরো সাউথওয়েস্ট উপনির্বাচনকে ঘিরে অন্টারিওর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার অনুষ্ঠিত অন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন নির্বাচনে বিজয়ী হয়েছেন কমিউনিটিতে পরিচিত মুখ আহসানুল হাফিজ। তবে ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী, ফেডারেল লিবারেল এমপি নেট আরস্কিন স্মিথ দলের কাছে আনুষ্ঠানিকভাবে আপিল নোটিশ দাখিল করেছেন। ফলে পুরো মনোনয়ন প্রক্রিয়াটি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
শনিবারের মনোনয়ন ভোটকে ঘিরে দিনভর ছিল উত্তেজনাপূর্ণ পরিবেশ। বিপুলসংখ্যক দলীয় সদস্য ভোট দিতে অংশ নেন। বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ প্রচারণা শেষে আহসানুল হাফিজের বিজয়কে তার সমর্থকরা “কমিউনিটির ঐক্য ও পরিশ্রমের জয়” হিসেবে দেখছেন। মনোনয়ন ফল প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মনোনয়ন ভোটে ১,৪০০-এর বেশি ভোট পড়ে এবং শেষ পর্যন্ত খুবই অল্প ব্যবধানে জয় নিশ্চিত করেন আহসানুল হাফিজ। চূড়ান্ত গণনায় তিনি ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে নেট আরস্কিন-স্মিথ পান ৬৯৯ ভোট। ফলে পুরো প্রতিযোগিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অন্যদিকে ফলাফল ঘোষণার পর নেট আরস্কিন-স্মিথ জানান, তিনি মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আপিল করবেন। তার টিমের পক্ষ থেকে ভোটগ্রহণের সময় কিছু প্রক্রিয়াগত বিষয় ও পরিচয় যাচাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে তিনি একই সঙ্গে বিষয়টি দলীয় প্রক্রিয়ার মাধ্যমেই সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।
দীর্ঘদিন ধরে স্কারবরো অঞ্চলে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নেট আরস্কিন-স্মিথের একটি শক্ত অবস্থান রয়েছে। তিনি ২০১৫ সাল থেকে ফেডারেল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং লিবারেল পার্টির পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
এদিকে আসন্ন স্কারবোরো সাউথওয়েস্ট উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনটি আগামী নির্বাচনী রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে স্কারবরো সাউথওয়েস্টে লিবারেল মনোনয়ন নির্বাচন এখন অন্টারিও রাজনীতির অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

