
কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর আয়োজন এবিএ সাপোর্ট সার্ভিসেস প্রেজেন্টস ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬-এর সকল টিকেট আনুষ্ঠানিকভাবে সোল্ড আউট হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, উৎসবকে ঘিরে এবার যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আগামী ১৬ মে শনিবার টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই মহা আয়োজন। প্রতি বছরের মতো এবারও হাজারো মানুষ এক ছাদের নিচে মিলিত হবেন বাংলাদেশি সংস্কৃতি, সংগীত, খাবার, ব্যবসা-বাণিজ্য এবং কমিউনিটি সংযোগের এক অনন্য উৎসবে।
বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা, বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শাহিদুল ইসলাম মিন্টু বলেন, সকল টিকেট সোল্ড আউট হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে, বাংলাদেশ ফেস্টিভ্যাল এখন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি কানাডার বাংলাদেশি কমিউনিটির আবেগ, ভালোবাসা ও মিলনমেলার প্রতীক হয়ে উঠেছে। আমরা সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এবারের ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মুজা ও নতুন প্রজন্মের আলোচিত শিল্পী আরজিনের লাইভ পারফরম্যান্স। এছাড়াও থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণ, সাহিত্য ও ব্যবসা বিষয়ক সেশন, দেশীয় খাবারের আয়োজন, বাণিজ্য মেলা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম।
উৎসবটি আয়োজন করছে কানাডার সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলা মেইল। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ফেস্টিভ্যালটি বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে মূলধারার কানাডিয়ান সমাজে আরও শক্তভাবে তুলে ধরবে।
ফেস্টিভ্যালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। টিকেট সোল্ড আউট ঘোষণার পর থেকেই কমিউনিটির মধ্যে বাড়তি উত্তেজনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজকরা আরও জানান, যারা টিকেট সংগ্রহ করেছেন তাদের নির্ধারিত সময়ের আগেই ভেন্যুতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে, কারণ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬ এখন শুধু একটি কমিউনিটি ইভেন্ট নয়, এটি কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় সাংস্কৃতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।

