
বৈধ ভিসা থাকার পরও আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সকার ফেডারেশনের প্রেসিডেন্টকে সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে বলে খবর বেরিয়েছে। এই খবরের মধ্যেই প্রধানমন্ত্রী মার্ক কার্নি জোর দিয়ে বলেছেন, ইরানের স্বেচ্ছাচারী সরকারের উচ্চ পর্যায়ের সদস্যদের কানাডার বাইরে রাখা অব্যাহত থাকবে।
ওকভিলে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নির কাছে ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজকে কানাডায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। ভিজিটর হিসেবে কানাডায় প্রবেশের ভিসা পাওয়া সত্ত্বেও তাকে ফিরিয়ে দেওয়ার পর এই প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে।
গোপনীয়তা আইনের কারণে সুনির্দিষ্ট এই বিষয়টিতে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেন প্রধানমন্ত্রী। তবে তিনি জোর দিয়ে বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর থেকে এর কোনো সদস্য কানাডায় প্রবেশ করেননি।
দুপুরের দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কার্নি বলেন, ইরানিয়ান রেভল্যুশনারি গার্ড এবং এর সদস্যরা বেশ কয়েক বছর সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। তাদের সদস্যদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের যাচাইয়ের গুচ্ছ ব্যবস্থা চালু আছে এবং কোনো আইআরজিসি সদস্য কানাডায় প্রবেশ করেননি। সব পদক্ষেপ সঠিকভাবে নেওয়া হয়েছে।
কার্নি বলেন, কানাডায় প্রবেশের ক্ষেত্রে অনেকগুলো বাধা রয়েছে। তবে নীতি পর্যালোচনার এবং কোথায় উন্নতি করা যায় সেই সুযোগ সবসময়ই রয়েছে।
তেহরানভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানায়, টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর আগেই তাজ সাময়িক রেসিডেন্ট ভিসা পান। কিন্তু আইআরজিসির সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে এয়ারপোর্ট বর্ডার গার্ড তাকে ফিরিয়ে দেয়। পর্যটক ও যারা সাময়িকভিত্তিকে কানাডা ভ্রমণ করতে চান তাদেরকে এই ভিসা দেওয়া হয়।

