
বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক, সাবেক এমপিপি ডলি বেগম এমপি পদে লড়ছেন স্কারবোরো সাউথওয়েষ্টের উপ-নির্বাচনে। আগামী ১৩ এপ্রিল এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবার তিনি লড়ছেন লিবারেল পার্টির মনোনীত প্রার্থী হিসেবে। স্থানীয় পরিচিত মুখ, টরন্টো ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাতা খোকন আব্বাস বাংলামেইলকে বললেন, ডলির এই মনোনয়নে আমরা আনন্দিত। বিজয় আমাদের সুনিশ্চিত।
গত ২২ মার্চ ড্যানফোর্থ-বার্চমাউন্ট ইন্টারসেকশনের নির্বচনী অফিসে বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কানাডা সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও লিবারেল পার্টির সংসদ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জননিরাপত্তা মন্ত্রী ও স্কারবোরো–গিল্ডউড-রুজ পার্কের সংসদ সদস্য গ্যারি আনাদাসাঙ্গারি, আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ও ব্র্যাম্পটন ইস্টের সংসদ সদস্য মানিন্দর সিধু এবং ডন ভ্যালি ওয়েস্টের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় সহকারী রব অলিফ্যান্ট।
এছাড়া নারী ও লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী এবং ক্ষুদ্র ব্যবসা ও পর্যটন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রিচি ভালদেজ, তাইয়াইস্কোন-পার্কডেল-হাই পার্কের সংসদ সদস্য করিম বারদেসি, টরন্টো– সেন্ট পলসের সংসদ সদস্য লেসলি চার্চ এবং অ্যাজাক্সের সংসদ সদস্য ও আবাসন ও অবকাঠামো বিষয়ক সংসদীয় সহকারী জেনিফার ম্যাকভিও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওকভিল ওয়েস্টের সংসদ সদস্য সিমা আখান, স্কারবোরো সেন্টারের সংসদ সদস্য সালমা জাহিদ, বিচেস–ইস্ট ইয়র্কের সংসদ সদস্য ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, মিল্টন ইস্ট ডালটন হিলস সাউথের সংসদ সদস্য ক্রিস্টিনা টেসার ডার্কসেন এবং এটবিকোক-–লেকশোরের সংসদ সদস্য জেমস ম্যালোনি।
সমর্থকদের উচ্ছ্বাস আর ভালোবাসায় ডলি বেগম সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ডলি বেগম বলেন, আমি আপনাদের ভয়েজ। আপনাদের কথাকে আমি ফেডারেল পার্লামেন্টে নিয়ে যেতে চাই। সবসময় আপনাদের মেয়ে হিসেবেই কাজ করে যেতে চাই। আপনারা আমাশে পাশে ছিলেন। এই নতুন জার্নিতেও আপনারা পাশে থাকবেন।
ডলি বেগমের এই যাত্রাকে অভিনন্দন জানান সকল অতিথি। টরন্টোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরাও এই আয়োজনে ডলির প্রতি সমর্থন জানিয়ে আসন্ন উপ-নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করেন।

