
ওয়েস্ট এন্ড টরন্টো অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দারা বলেছেন, বাড়ির মালিকদের ২০২৫ সালের ভুতাপেক্ষ ভাড়া বৃদ্ধির আবেদনের প্রতিবাদে তারা ভাড়া বন্ধের আন্দোলনে যাবেন। এই আবেদন অনুমোদিত হলে ভাড়া বাড়বে ৫ শতাংশের বেশি।
পার্কডেল নেবারহুডের ৭৫ স্পেন্সার এভিনিউয়ে বসবাস করেন লাজ ফ্লোরেস। তিনি বলেন, ভাড়াটিয়াদের পক্ষে ৫ দশমিক ৪ শতাংশ ভাড়া বৃদ্ধির ভার বহন করা সম্ভব নয় এবং কয়েক ডজন ভাড়াটিয়া বাড়ির মালিক মেটক্যাপ লিভিংয়ের সঙ্গে একটি ন্যায্য চুক্তি দাবি করছেন।
ফ্লোরেস বলেন, তিনি এই দর্মঘটে যোগ দিতে যাচ্ছেন কেবল তার নিজের জন্য নয়, মধ্যবিত্ত কর্মী, জ্যেষ্ঠ নাগরিক ও অবসরপ্রাপ্তদের মতো অন্যান্য ভাড়াটিয়াদের জন্যও। আমরা ভাড়া পরিশোধ স্থগিত করতে যাচ্ছি। ১ মার্চ থেকে এটা শুরু হবে এবং মেটক্যাপ ভাড়া বৃদ্ধি প্রত্যাহার না করা পর্যন্ত চলবে। টরন্টোতে জীবনযাপন অনেক ব্যয়বহুল। আমার আরও নানা খরচ রয়েছে।
এই ঘোষণা দেওয়ার জন্য ভাড়াটিয়াদের রোববার ভবনের লবিতে জড়ো হওয়ার কথা ছিল।
২০২৫ সালে অন্টারিওর ভাড়ানিয়ন্ত্রিত ভবনে ভাড়া বৃদ্ধির সুযোগ ছিল সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ। তবে নীতিমালার অতিরিক্ত বৃদ্ধির জন্য বাড়ির মালিকরা ল্যান্ডলর্ড অ্যান্ড টেনান্ট বোর্ডে আবেদন করতে পারে। সংস্কার ও ভবন উন্নত করতে তহবিলের প্রয়োজনে এই আবেদন করতে পারে। এজিআইয়ের সর্বোচ্চ সীমা বছরে ৩ শতাংশ।
মেটক্যাপ লিভিং ২০২৫ সালের জন্য ২ দশমিক ৯ শতাংশ এজিআইয়ের আবেদন করেছে। তবে ল্যান্ডলর্ড অ্যান্ড টেনান্ট বোর্ডে কবে নাগাদ এ নিয়ে শুনানি হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
ভবনের সম্পদ ব্যবস্থাপক ফিয়োরালবা ইয়ানো বলেন, মেটক্যাপ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে চলবে এবং তার আগে ভাড়াটিয়াদের কাছ থেকে অনুরোধকৃত এজিআই সংগ্রহ করবে না। যদিও এরই মধ্যে ভাড়াটিয়াদের কাছে পাঠানো নোটিশে এই বৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে।

