
কানাডায় ব্যবহৃত দুটি ব্র্যান্ডের জন্মনিয়ন্ত্রণ পিল প্রত্যাহার করা হয়েছে। প্যাকেজিং ত্রুটির কারণে পিলগুলো প্রত্যাহারের এই সিদ্ধান্ত। গত সপ্তাহে পোস্ট করা পাবলিক অ্যাডভাইজরিতে ব্যবহারকারীদের কোনো ডোজ এড়িয়ে না যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সম্ভব হলে এটি বদলে নেওয়া বা বিকল্পের জন্য ফার্মেসিতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
একজন ব্যবহারকারীর অভিযোগের পর টেভা কানাডা ইনকর্পোরেশন তাদের পিল প্রত্যাহার করে নিয়েছে। ওই ব্যবহারকারী পুরো একটি ব্লিস্টার কার্ডে একটি পিল কম দেখতে পান। শুক্রবারের নোটিশে এমনটাই বলা হয়েছে।
তদন্তের পর কোম্পানির তরফ থেকে লেভোনোরজেস্ট্রেল, ইথিনাইল এস্ট্রাডিয়লসমৃদ্ধ সিজোনিক ট্যাবলেটের দুটি লট প্রত্যাহারের নোটিশ ইস্যু করেছে। সিজোনেলের একটি লটও প্রত্যাহারের নোটিশ ইস্যু করা হয়েছে। এতে রয়েছে লেভোনরজেস্ট্রেল এবং ইথিনাইল এস্ট্রাডিয়ল। প্রত্যাহারকৃত লটগুলো হলো সিজোনিকÑডিআইএন ০২৩৪৬১৭৬, যেগুলোর মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত।
এগুলোর লট নম্বর ১০০০৭৩৪০৮ এবং ১০০০৭৭৮৬৪। এ ছাড়া সিজোনেল ব্র্যান্ডের পিলগুলো হলো ডিআইএন ০২২৯৬৬৫৯, যার লট নম্বর ১০০০৭৬৬০৭। এই লটের মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত।
তবে এই প্রত্যাহার নোটিশের প্রভাব কতজন কানাডিয়ানের ওপর পড়তে পারে তা জানানো হয়নি নোটিশে। এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলার বা টেভা কানাডার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

