
বার্ষিকভিত্তিতে ডিসেম্বরেও গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) বাড়ি বিক্রি কমেছে। ক্রেতারা এ সময় বাজারের বাইরে অবস্থান করেছিলেন। অর্থনীতির ওপর আস্থার ঘাটতিতে যেমনটা তারা করেছেন বছরের অধিকাংশ সময়।
টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড (টিআরআরইবি) বুধবার জানিয়েছে, ডিসেম্বরে গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে ৩ হাজার ৬৯৭টি বাড়ি হাতবদল হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ কম। মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে আবাসন কার্যক্রম কমেছে দশমিক ৪ শতাংশ।
ডিসেম্বরে বাড়ির গড় বিক্রয় মূল্য আগের বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৩৫ ডলার। কম্পোজিট বেঞ্চমার্ক মূল্য আগের বছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৩ শতাংশ।
গত মাসে জিটিএজুড়ে নতুন লিস্টিং ১ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ২৯৯টি।
সিটি অব টরন্টোতে ডিসেম্বরে বাড়ি বিক্রি হয়েছে এক হাজার ৩৬৩টি, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কম। জিটিএর বাকি অংশে বাড়ি বিক্রি ১১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৪টিতে।
মাসটিতে সবচেয়ে বেশি কমেছে টাউনহাউজের বিক্রি। এক বছরের ব্যবধানে এই ধরনের বাড়ি বিক্রি কমেছে ২২ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ডিসেম্বরে কন্ডো বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২, সেমি-ডিটাচড হোম ৬ দশমিক ৯ শতাংশ এবং ডিটাচড হোমের বিক্রি কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
গত বছরের ফেব্রুয়ারিতে টিআরআরইবি ২০২৫ সালে বাড়ি বিক্রি ১২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। বছরটিতে ৭৬ হাজার বাড়ি হাতবদল হবে বলে প্রাক্কলন করেছিল তারা। এ ছাড়া বাড়ির গড় বিক্রয়মূল্য ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছিল টিআরআরইবি। বছরটিতে বাড়ির গড় বিক্রয়মূল্য ১১ লাখ ৪৭ হাজার ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাম দিয়েছিল সংস্থাটি।

