
অন্টারিওতে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ (পিসি) সহজেই জয় পাবে। তবে গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে (জিটিএ) প্রাদেশিক টোরি দলের জনসমর্থন ক্রমেই হ্রাস পাচ্ছে।
লিয়াজোঁ স্ট্র্যাটেজিসের নতুন এক সমীক্ষার ফলাফল অনুযায়ী, এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া ৪৪ শতাংশ ভোটার প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে পুনরায় নির্বাচিত করার পক্ষে। অন্যদিকে লিবারেলদের নির্বাচিত করতে চান সিদ্ধান্ত নিয়ে নেওয়া ৩৫ শতাংশ ভোটার। অর্থাৎ, এই মুহূর্তে লিবারেলদের চেয়ে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি। একই সঙ্গে এগিয়ে আছে অন্টারিও এনডিপির চেয়েও। তাদের নির্বাচিত করার পক্ষে মত দিয়েছেন সিদ্ধান্ত নিয়ে নেওয়া মাত্র ১৬ শতাংশ ভোটার। অন্টারিও গ্রিন পার্টিকে নির্বাচিত করতে চান ৩ শতাংশ অন্টারিওবাসী।
প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির প্রতি শক্তিশালী সমর্থন রয়েছে পূর্ব, দক্ষিণপশ্চিম এবং দক্ষিণ কেন্দ্রীয় অন্টারিওতে। এসব অঞ্চলে দলটির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন যথাক্রমে ৫৪, ৫২ এবং ৪৮ শতাংশ ভোটার। তবে উত্তর অন্টারিওর গল্পটা একটু আলাদা। সেখানে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন ৩০ শতাংশ ভোটার, লিবারেলদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যেখানে ৪০ শতাংশ ভোটার। যদিও লিবারেল পার্টি এখন পর্যন্ত অন্টারিওতে স্থায়ী নেতা নির্বাচন করেনি। এমনকি আসন্ন নেতৃত্বের প্রতিযোগিতার বিস্তারিতও এখনো প্রকাশ করেনি দলটি।
জিটিএতেও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির সমর্থন হ্রাস পেয়েছে। এখানে লিবারেল পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪ শতাংশ ভোটার। পক্ষান্তরে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের প্রতি সমর্থন জানিয়েছেন ৩৮ শতাংশ ভোটার। দক্ষিণ কেন্দ্রীয় অন্টারিও প্রথাগতভাবেই অন্টারিও এনডিপির সবচেয়ে বড় ভোট ব্যাংক। এখানে দলটিকে ভোট দিতে চেয়েছেন ২৩ শতাংশ ভোটার।
দৈবচয়নভিত্তিতে ৫ থেকে ৭ ডিসেম্বর এক হাজার অন্টারিওবাসীর ওপর সমীক্ষাটি চালানো হয়।

