
কানাডার সাধারণ কর্মী ও সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) আয়ের ব্যবধান ২০২৪ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। নতুন এক প্রতিবেদন এমনটাই বলা হয়েছে, যেখানে ধনীদের ওপর কর বাড়ানোর কথা বলা হয়েছে।
সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ১০০ সিইওর গড় আয় ২০২৪ সালে এক কোটি ৬২ লাখ ডলারে পৌঁছেছে। এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ২০২২ সালে এক কোটি ৪৯ লাখ ডলার। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দি কানাডিয়ান সেন্টার ফর পলিসি অল্টারনেটিভস।
রেকর্ড পরিমাণ এই বেতন আয় বৈষম্য বাড়িয়ে দিয়েছে। সর্বোচ্চ আয়কারী এই ১০০ সিইওর গড় আয় কানাডার একজন সাধারণ কর্মীর ২৪৮ গুণ। ২০২২ সালে যা ছিল ২৪৬ গুণ। এক দশক আগের তুলনায় এই ব্যবধান ব্যাপক বেড়েছে। ওই সময় সিইওরা সাধারণ কর্মীদের তুলনায় ১৮৪ গুণ বেশি আয় করতেন।
সিসিপিএর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডেভিড ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেছেন, ধনীরা বিলাসবহুল জীবন যাপন করছেন। যেখানে সাধারণ কানাডিয়ান ও কর্মীদের মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।
ম্যাকডোনাল্ডের হিসাব অনুযায়ী, শীর্ষ সিইওরা ২০২৪ সালে প্রতি ঘণ্টায় আয় করেছেন গড়ে ৭ হাজার ৮১২ ডলার। অন্যদিকে সাধারণ কর্মীরা বছরে বেতন পেয়েছেন গড়ে ৬৫ হাজার ৫৪৮ ডলার।
নির্বাহীদের আয় বেতনের চেয়ে বরং কোম্পানির মুনাফা ও রাজস্বের সঙ্গে বেশি সম্পর্কিত। ফলে কর্পোরেট কানাডার জন্য দারুণ একটি বছর শীর্ষ সিইওদের আয় রেকর্ড বাড়িয়ে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কানাডিয়ান কর্পোরেটের মুনাফা দাঁড়িয়েছে ৬৩ হাজার কোটি ডলার। মহামারি-পূর্ববর্তী সময়ে এর পরিমাণ ছিল যেখানে ৪০ হাজার কোটি ডলার। তবে ২০২২ সালে এই মুনাফা ছিল সর্বোচ্চ ৬৬ হাজার ৮০০ কোটি ডলার।

