
স্বনামধন্য কবি প্রয়াত ইকবাল হাসানের (১৯৫২-২০২৩) স্মৃতিকে উজ্জ্বল রাখতে গত ১৩ ডিসেম্বর বাংলামেইল–ইকবাল হাসান সাহিত্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে। ড্যানফোর্থ এভিনিউয়ে অবস্থিত টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে কবি ইকবাল হাসানের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু এই ঘোষণা দেন।
কানাডায় সাহিত্য-শিল্প-সংস্কৃতি বিশেষ অবদান রাখার জন্য একজন বাঙালিকে এই পুরস্কার প্রদান করা হবে। মিন্টু আরও জানান, প্রতি বছর কবি ইকবাল হাসানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারটি দেওয়া হবে মে মাসে আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চে।
কানাডায় অভিবাসী যে কোনো বাঙালি লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। প্রার্থীকে অবশ্যই কানাডার নাগরিক বা পিআর প্রাপ্ত হতে হবে। যে তিন সদস্যের বিচারকমণ্ডলী এই পুরস্কার নির্ধারণ করবেন তাঁরা হলেন, বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লেখক ও গবেষক সুব্রত কুমার দাস এবং কবি ও সংগঠক দেলওয়ার এলাহী। কমিটিতে পদাধিকারবলে থাকবেন পরিবারের পক্ষে কবির স্ত্রী লেখক তসলিমা হাসান এবং বাংলামেইলের পক্ষে সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
২০২৫ সালের জন্য বাংলামেইল–ইকবাল হাসান স্মৃতি পুরস্কারের মনোনয়ন শীঘ্রই আহ্বান করা হবে। আগ্রহী প্রার্থী বা তাঁদের পক্ষে যে কোনো কানাডীয়ান কানাডায় সাহিত্য-শিল্প-সংস্কৃতি অঙ্গণে অবদানের তালিকাসহ প্রার্থীর জীবনী পাঠাতে আহ্বান করা হবে।

