
ক্যনাাবিস-সংবলিত সামগ্রী গ্রহণের পর ড্রাইভিংয়ের সময় এবং এর প্রভাব কী হতে পারে তার ওপর আলোকপাত করা হয়েছে নতুন এক গবেষণায়। কানাডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (সিএএ) অর্থায়নে গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অব সাস্কেচুয়ান। গবেষণায় ১০ মিলিগ্রামের মতো টিএইচসি গ্রহণের পর ১৯ থেকে ৩০ বছর বয়সী ৫০ জন চালককে পরীক্ষা করা হয়েছে।
সিএএ সাইথ সেন্ট্রাল অন্টারিওর কমিউনিটি রিলেশন্স কনসালট্যান্ট মাইকেল স্টুয়ার্ট বলেন, এখনো সমাজে এই ভুল ধারণা রয়েছে যে, ক্যানাবিস আপনাকে নিরাপদ চালক হতে সাহায্য করে অথবা গাড়ি চালানোর সময় এর কোনো প্রভাব নেই। অথবা অ্যালকোহল পান করে ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের মতো অতোটা বিপজ্জনক নয় এটি।
ড্রাইভিং সিমুলেটরে বসার আগে গবেষণায় অংশগ্রহণকারীরা একটি নিয়ন্ত্রিত পরিবেশে ক্যনাবিস সেবন করেন। উদ্দেশ্য ছিল এর প্রভাব কী হয় সেটা দেখা। ক্যানাবিস সেবনের ৯০ মিনিট থেকে ছয় ঘণ্টার মধ্যে গবেষকরা তাদের আচরণ বিশ্লেষণ করে দেখেন।
স্টুয়ার্ট বলেন, গবেষণার মাধ্যমে আমরা দেখতে পাই যে, হ্যা, ক্যানাবিসের প্রভাব তখনো তাদের মধ্যে ছিল।
ক্যানাবিস সেবনের দেড় ঘণ্টা পর দেখা যায় যে, এটি তাদের গাড়ির গতি নিয়ন্ত্রণের ওপর প্রভাব ফেলছে। প্রায় এক-তৃতীয়াংশ অংশগ্রহণকারী সিমুলেটেড সংঘর্ষে জড়িয়ে পড়েন। ক্যানাবিস সেবনের পর গাড়ি চলানোতে তারা নিরাপদ বোধ করছেন কিনা জানতে চাওয়া হলে মাত্র ৪ শতাংশ অংশগ্রহণকারী উত্তর দেন যে, ৯০ মিনিট পর তারা নিরাপদ বোধ করেছেন।

