
সম্ভাব্য ইঞ্জিনের ত্রুটির কারণে কানাডায় ১৩ হাজারের বেশি যানবাহন প্রত্যাহার করা হচ্ছে। ইঞ্জিনের এই ত্রুটির কারণে গাড়িগুলো রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে।
৬ নভেম্বর যেসব গাড়ি প্রত্যাহারের নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে লেক্সাস এবং টয়োটা গাড়ি। উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটা এই নোটিশ ইস্যু করেছে। যেসব গাড়িতে ৩ দশমিক ৪ লিটারের টুইন টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেগুলোতেই কেবল কারিগরি সমস্যা রয়েছে। একই ধরনের ত্রুটির কারণে গত বছরের মে মাসেও টয়োটা প্রায় ১০ হাজার গাড়ি প্রত্যাহারের নোটিশ দিয়েছিল।
সাম্প্রতিক প্রত্যাহার নোটিশে বলা হয়েছে, ত্রুটিপূর্ণভাবে তৈরি ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট বিয়ারিংয়ের কাজ না করার কারণ হতে পারে, যার ফলে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। ইঞ্জিনের পিস্টনের তৈরি শক্তি ঘূর্ণয়মান শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে ক্র্যাঙ্কশ্যাফট, যাতে করে গাড়ি চাকাগুলো চলতে পারে।
সম্ভাব্য ইঞ্জিন ত্রুটির কারণে যেসব মডেলের গাড়ি প্রত্যাহার করা হচ্ছে তার মধ্যে রয়েছে লেক্সাস জিএক্স ৫৫০ (২০২৪), এলএক্স ৬০০ (২০২৩-২০২৪) এবং টয়োটা টুন্ড্রা (২০২৩-২০২৪)। টয়োটা বলেছে, ত্রুটিপূর্ণ গাড়ির মালিকদের ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং তাদের গাড়িটি প্রত্যাহারের আওতায় আছে কিনা অনলাইনে তা পরীক্ষা করতে পারবেন মালিকরা।
যুক্তরাষ্ট্রেও টয়োটা ১ লাখ ২৭ হাজার গাড়ি প্রত্যাহার করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টয়োটা বলেছে, উৎপাদনের সময় কিছু অবশেষ হয়তো পরিস্কার করা হয়নি। এর ফলে ইঞ্জিন স্টার্ট নাও নিতে পারে। এর ফলে উচ্চ গতিতে গাড়িটি চালানোর সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

