
কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল পদার্পণ করলো ১৪ বছরে। ২০১২ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে সাপ্তাহিক বাংলামেইল। নতুনত্ব, চমৎকার গেটআপ, পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা বাংলামেইল টীম খুব অল্পসময়েই কানাডায় বসবাসরত বাংলাদেশিদের মন জয় করে নেয়। স্থানীয় ব্যবসায়ি, সাংস্কৃতিক কর্মী, সমাজসেবি, এমনকি মূলধারার রাজনীতিকদের আস্থা অর্জন করে বাংলামেইল। শতভাগ কানাডিয়ান কন্টেন্ট নির্ভর পত্রিকাটি কমিউনিটি জার্নালিজমে বিশেষ অবদানের জন্যে টানা দু’বার ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার এ্যাওয়ার্ড লাভ করে। পাশাপাশি হেরিট্যাজ বিয়ন্ড বর্ডারস এর বেস্ট কমিউনিটি নিউজপেপারের এ্যাওয়ার্ডটিও পায় বাংলামেইল। বাংলামেইলের অফিসিয়াল ফেসবুক পেইজে ফলোয়ারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪৬ হাজার।
সাপ্তাহিক বাংলামেইল এর বিভিন্ন বর্ষপূর্তিতে কানাডার প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান নেতা, অন্টারিও প্রিমিয়ার, টরন্টো সিটি মেয়রসহ মূলধারার বিশিষ্টজনেরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বাংলামেইলের প্রতিষ্ঠাতা প্রকাশক রেজাউল কবির বলেন, আমাদের বারো বছরের এই যাত্রাটি সহজ ছিলো না। বাংলামেইল এর বিরামহীন সাফল্যের পেছনে রয়েছে বিজ্ঞাপনদাতা ও পাঠকদের অকৃত্রিম ভালোবাসা।
বাংলামেইল সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম মিন্টু বলেন, সময়ের সঙ্গে বদলেছে আমাদের সবার প্রিয় পত্রিকা বাংলামেইল। আমরা নিজস্ব লেখকগোষ্ঠী তৈরি করেছি। ঢাকার পত্রিকার কপি পেস্ট নয়, কানাডিয়ান কনটেন্ট এবং স্থানীয় লেখকদের নিয়েই আমাদের বর্তমান পথচলা। সাফল্যের এই এক যুগে সকলের প্রতি কৃতজ্ঞতা।

