
মঙ্গলবার প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রথম বাজেট পেশের প্রস্তুতি নিচ্ছে অটোয়া। এই অবস্থায় ফেডারেল সরকার বড় অংকের ঘাটতির তথ্য প্রকাশ করেছে।
চলতি অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ১ হাজার ১১০ কোটি ডলার ঘাটতির তথ্য দিয়েছে অর্থ বিভাগ। ঘাটতির এই পরিমাণ গত অর্থবছরের পাঁচ মাসের তুলনায় ১৩০ কোটি ডলার বেশি।
গত অর্থবছরের তুলনায় এ বছর ব্যয় বেড়েছে। ইআই বেনিফিটে ব্যয়ের মতো কর্মসূচি বৃদ্ধি পাওয়াই মূলত এই ঘাটতি।
২০২৫ সালের সেপ্টেম্বরে কানাডায় কর্মহীনতার হার রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে, ২০২১ সালের আগস্টের পর যা দেখা যায়নি। আগস্টের মতো সেপ্টেম্বরেও কানাডায় বেকারত্বের হার ছিল ৭ দশমিক ১ শতাংশ। মে মাসে বেকারত্বের হার ছিল ৭ শতাংশ। জুন এবং জুলাইয়ে এ হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কানাডায় বেকারত্বের হার ছিল ৬ দশমিক ৬ শতাংশ।
বয়স্কদের সুবিধা প্রদানে ব্যয় বৃদ্ধিও কর্মসূচির ব্যয় বৃদ্ধিতে অবদান রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কর্মসূচি বাবদ ব্যয় হয়েছে ১ হাজার ৭৯৮ কোটি ডলার।
এই সময়ে রাজস্বও আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে সরকারের রাজস্বের পরিমাণ ছিল ২০ হাজার ১২০ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে সরকারের রাজস্বের পরিমাণ ছিল ১৯ হাজার ৬৩০ কোটি ডলার।

