
কানাডার শ্রমবাজারে সেপ্টেম্বরে অপ্রত্যাশিতভাবে কর্মী নিয়োগ বেড়েছে। তবে শ্রমবাজারের এই শক্তি এই মাসের শেষ দিকে ব্যাংক অব কানাডার আরেক দফা সুদের হার কমানোর জন্য যথেষ্ট কিনা সে ব্যাপারে সন্দিহান অর্থনীতিবিদরা।
কানাডা বলেছে, সেপ্টেম্বরে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১ শতাংশে। মাসটিতে নতুন কর্মসংস্থান হয়েছে ৬০ হাজারের মতো, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি। সেপ্টেম্বরে পাঁচ হাজার নতুন কর্মসংস্থানের প্রত্যাশা করেছিলেন তারা। এর আগের দুই মাসে কর্মসংস্থান হ্রাস পেয়েছিল এক লাখের বেশি।
স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, সেপ্টেম্বরে পূর্ণকালীন কর্মসংস্থান হয়েছে এক লাখ ৬ হাজারের মতো, যা খ-কালীন কর্মসংস্থান হ্রাসকে পুষিয়ে দিয়েছে।
আরবিসির সহকারী অর্থনীতিবিদ নাথান ইয়ানজেন বলেন, সেপ্টেম্বরের শ্রমশক্তি জরিপে স্থিতিশীলতার একটি ইঙ্গিত ছিল। কিন্তু এক মাসের কর্মসংস্থানের উপাত্ত নিয়ে তিনি সতর্ক করেন।
স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থনীতিতে নিট ২২ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে।
তবে কর্মসংস্থান প্রবৃদ্ধি কানাডার শ্রমশক্তির প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ইয়ানজেন। যদিও জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পেয়েছে। বলতে গেলে গত দুই প্রান্তিকে থেমে গেছে।
চলতি বছর কানাডায় বেকারত্বের হার গত বছরের তুলনায় এক শতাংশীয় পয়েন্ট বেশি আছে। অর্থাৎ, সার্বিকভাবে কর্মবাজার শ্লথ রয়েছে।
উৎপাদন খাত গত জানুয়ারির পর প্রথমবারের মতো কর্মসংস্থান বৃদ্ধি প্রত্যক্ষ করল। সেপ্টেম্বরে উৎপাদনশীল খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ২৮ হাজার। গত মাসের আগ পর্যন্ত ২০২৫ সালে উৎপাদন খাতে ৫৮ হাজার কর্মসংস্থান হ্রাস পেয়েছিল।
পাইকারী ও খুচরা বিক্রয় খাতে চলতি বছরের সেপ্টেম্বরে কর্মসংস্থান হ্রাসে পেয়েছে ২১ হাজার। তবে এক বছর আগের তুলনায় চলতি বছরের এখন পর্যন্ত খাতটিতে ৬১ হাজার বেশি কর্মসংস্থান আছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। পরিবহন ও নির্মাণ খাতেও সেপ্টেম্বরে কর্মসংস্থান হ্রাস পেয়েছে।
প্রদেশগুলোর মধ্যে সেপ্টেম্বরে কর্মসংস্থান বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে আলবার্টা। মাসটিতে প্রদেশে নতুন কর্মসংস্থান হয়েছে ৪২ হাজার ৫০০। গত মাসে ঘণ্টাপ্রতি মজুরি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ।
তরুণ অর্থাৎ ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সেপ্টেম্বরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। স্কুলে অধ্যয়নরতদের মধ্যে সেপ্টেম্বরে কর্মহীনের হার ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১৭ দশমিক ১ শতাংশ।

