
ইউক্রেনে কানাডার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার এই ঘোষণা দেন।
ফ্রিল্যান্ড অবশ্য তার পদত্যাগ সংক্রান্ত বিবৃতিতে কূটনীতিক হিসেবে নিয়োগের ব্যাপারে কিছু উল্লেখ করেননি। শুধু বলেছেন, পরবর্তী ফেডারেল নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না।
বিবৃতিতে ফ্রিল্যান্ড লিখেছেন, দারুণ কৃতজ্ঞতা এবং কিছুটা বেদনা নিয়ে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ফেডারেল নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই আমার।
ফ্রিল্যান্ডের ছেড়ে দেওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী ডমিনিক লাব্লাঁ। একইসঙ্গে তিনি আন্তঃসরকার বিষয়ক মন্ত্রণালয়েরও মন্ত্রী। এ ছাড়া হাউসে সরকারি দলের নেতা স্টিভেন ম্যাককিনন নতুন পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। উভয় মন্ত্রীই রিডো হলে মঙ্গলবার নতুন দায়িত্বের শপথ নিয়েছেন।
অটোয়াতে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ শেষে ফ্রিল্যান্ড তার বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফ্রিল্যান্ড উভয়কেই হাশিখুশি দেখা যায়। অপেক্ষারত সাবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেন তারা।
গত এক দশকে মন্ত্রিসভার সদস্য হিসেবে কানাডাকে অসাবাধারণ সেবা দেওয়ার জন্য ফ্রিল্যান্ডকে ধন্যবাদ জানান কার্নি। একইসঙ্গে তার বহুমুখী দক্ষতা ও নৈতিকতাপূর্ণ নেতৃত্বেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী লিখেছেন, ইউক্রেন পুনর্গঠনে কানাডার নতুন প্রধান বিশেষ প্রতিনিধির দায়িত্ব গ্রহণের জন্য ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের প্রতি আমি আহ্বান জানিয়েছি। সংসদ সদস্য হিসেবে দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই প্রস্তাব আমি তাকে দিয়েছি।

