
একদল ভাড়াটিয়াকে ডাউনটাউন হ্যালিফ্যাক্সের অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ছাড়াই ১০ দিন অতিবাহিত করতে হয়েছে। এ অবস্থায় বিরোধীদল এনডিপি তাদের অধিকার রক্ষায় প্রাদেশিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ওই এলাকার আইনসভার সদস্য লিসা ল্যাচান্স শনিবার এক সাক্ষাৎকারে বলেন, স্কর্শিয়ানের ভাড়াটিয়াদের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। নগরীর দক্ষিণে পাঁচ তলাবিশিষ্ট একটি ভবনে ২৭ আগস্ট থেকে তাদেরকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়।
ল্যাচান্স বলেন, ৫০টি ইউনিটবিশিষ্ট ভবনের বাসিন্দারা বাড়ির মালিকের কাছ থেকে খুব কমই সহযোগিতা পেয়েছেন। কেবলমাত্র তিনি ভাড়াটিয়াদের বিমা কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
ল্যাচান্স বলেন, লোকজন সত্যিই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। সেপ্টেম্বরের ভাড়া পরিশোধের পর কিছু ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে। বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কারণ দেখিয়ে তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়। অনেক ভাড়াটিয়া বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রাদেশিক ভাড়াটিয়া বোর্ডের দ্বারস্থ হওয়ারও সাহস পাচ্ছেন না। কারণ, তারা স্থির শর্তে বাড়ি ভাড়া নিয়েছেন এবং তাদের অ্যাপার্টমেন্টটি খোয়াতে চান না। দায়িত্বশীল মন্ত্রীর সঙ্গে কথা বলে আমি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি, যাতে করে লোকজনের অধিকার রক্ষিত হয়।
ভবনটির বাসিন্দাদের একজন টেডি ম্যাকে। তিনি বলেন, অস্পষ্ট কিছু ইমেইল ছাড়া অন্য মালিকদের কাছ থেকে যোগাযোগ তেমন একটা করা হয়নি। ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ দেওয়ারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ম্যাকে বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ না জানা গেলেও কিছু ভাড়াটিয়াকে বলা হয়েছে যে, চতুর্থ তলার বন্যার কারণে বেশ কয়েকটি ইলেক্ট্রিক্যাল প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় পুরো ভবনজুড়েই এটা হয়েছে। রক্ষণাবেক্ষণ কর্মীরা গত সপ্তাহের গোড়ার দিকে প্যানেলগুলো পরীক্ষা করে দেখেছেন।
এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও টেমপ্লেটন প্রোপার্টিজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেওয়া হয়নি।

