
বয়সভিত্তিক বৈষম্য বা এজিজম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি তথ্যবহুল সেশন আয়োজন করে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (CCIK)। ২৯ জুলাই, মঙ্গলবার টরন্টোর BIES অফিসে সিনিয়রদের জন্য আয়োজিত এই গুরুত্বপূর্ণ সেশনে প্রায় ৩০ জন সিনিয়র কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন এবং সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত হন।
সেশনটি পরিচালনা করেন CCIK-এর প্রেসিডেন্ট ইমাম উদ্দিন এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির কমিউনিটি ওয়ার্কার সাদমিম সোহানা।
কানাডিয়ান সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, বয়সভিত্তিক বৈষম্য একটি গুরুতর সামাজিক সমস্যা, যা শুধুমাত্র কারও বয়সের ভিত্তিতে তার প্রতি নেতিবাচক মনোভাব, আচরণ বা সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ পায়। এটি সাধারণত বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায়—যেমন, তাদের অযোগ্য মনে করা, মতামত উপেক্ষা করা কিংবা কর্মসংস্থান ও সেবা থেকে বঞ্চিত করা। এই বৈষম্য শুধু ব্যক্তির মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং সমাজের জ্ঞান ও অভিজ্ঞতার মূল্যবান ভাণ্ডার থেকেও আমাদের বঞ্চিত করে।
সেশনে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় তাদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কীভাবে সমাজে এই বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা যায় এবং সিনিয়রদের সমাজের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করা যায়—সে বিষয়ে তাঁরা বিভিন্ন পরামর্শ দেন।
তাঁরা পারস্পরিক সম্মান, একতা ও বোঝাপড়ার গুরুত্ব, প্রজন্মগত ব্যবধান এবং তরুণদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনিশ্চয়তা দূর করার ওপর জোর দেন। বয়স্কদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি শেখা এবং আধুনিকতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তার কথাও তাঁরা উল্লেখ করেন।
কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ ভবিষ্যতেও সিনিয়রদের ক্ষমতায়ন এবং পরিবার, সমাজ ও কমিউনিটিতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের মাধ্যমে সেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

