
আদিবাসী লোকদের সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠায় কানাডা ভালো অগ্রগতি দেখিয়েছে বলে বিশ্বাস করেন অধিকাংশ কানাডিয়ান। লেজার পরিচালিত নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক জেডওয়াব বলেন, ঐকমত্যে অগ্রগতি এসেছে বলে কানাডিয়ানরা মনে করলেও এটা তাদের দেশ নিয়ে অনভুতির প্রকাশ নয়।
২০ থেকে ২২ জুন এক হাজার ৫৮০ জনের ওপর সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে ৪৭ জন নিজেদের আদিবাসী বলে দাবি করেন। জেডওয়াব বলেন, নমুনা ছোট হওয়ায় এবং আঞ্চলিক ভাগের অভাবের অর্থ হলো সমীক্ষার ফলাফল ব্যাখ্যা করতে হবে সতর্কতার সঙ্গে। তবে সমীক্ষাটি এটা দেখিয়ে দিয়েছে যে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের ১০ বছর পরও কানাডিয়ানরা কোথায় অবস্থান করছেন সেটি।
সমীক্ষায় অংশ নেওয়া ৫৫ শতাংশ উত্তরদাতা বলেন, ঐকমত্যে কানাডা ভালো অগ্রগতি করছে বলে তাদের বিশ^াস। তবে বয়সভেদে তাদের এই উত্তরে ভিন্নতা রয়েছে। এই মনোভাব প্রকাশকারীদের ৪০ শতাংশের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এ ছাড়া ৬৭ শতাংশ উত্তরদাতার বয়স ৬৫ বছর ও তার বেশি।
জেডওয়াব বলেন, এতো বিপুল সংখ্যক মানুষ অগ্রগতির কথা বলায় তিনি বিস্মিত হয়েছেন। কারণ, ক্রাউন-আদিবাসী সম্পর্কের অনেক কিছুই এখনো অমীমাংসিত।
কানাডিয়ানরা অন্য কানাডিয়ানদের বিশ^াস করেন কিনা এই প্রশ্নও করা হয়েছিল সমীক্ষায়। বিপুল সংখ্যক অংশগ্রহণকারী এই প্রশ্নের হ্যা সূচক উত্তর দেন। অন্য কানাডিয়ানদের প্রতি আস্থা সবচেয়ে বেশি বলে জানান ১৮ থেকে ২৪ বছর বয়সীরা। এই মনোভাব পোষণকারী এই বয়সীদের হার ৭৭ শতাংশ। অন্যদিকে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে এই মত প্রকাশ করেন ৫২ শতাংশ কানাডিয়ান।
সমীক্ষায় অংশ নেওয়া প্রতি দশজনের মধ্যে ছয়জন অ-আদিবাসী মানুষ আদিবাসীদের বিশ্বাস করেন বলে জানান। আদিবাসীদের প্রতি আস্থা সবচেয়ে বেশি নোভা স্কশিয়ায় ৭১ শতাংশ। এর পরেই রয়েছে অন্টারিও। অন্টারিওর অ-আদিবাসীদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ আদিবাসীদের বিশ্বাস করেন। অ-আদিবাসীদের মধ্যে আদিবাসীদের প্রতি আস্থা সবচেয়ে কম কম যথাক্রমে সাস্কেচুয়ানে ৩৮ দশমিক ৩ শতাংশ, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে ৪৩ দশমিক ৮ শতাংশ এবং ম্যানিটোবায় ৪৪ দশমিক ৮ শতাংশ।

