
মেরিটাইম খাতে জ্বালানি প্রকল্পে যে এক কোটি ৬০ লাখ ডলার দেওয়া হচ্ছে তার বিস্তারিত ঘোষণা করেছে অটোয়া। ফেডারেল জ্বালানিমন্ত্রী টিম হজসন শুক্রবার বলেন, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন, কার্বন ধরা প্রযুক্তি এবং বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে।
বিতরণ গ্রিডের আধুনিকায়নে যে তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে তার মধ্যে নোভা স্কশিয়া পাওয়ার পাবে ৬০ লাখ ডলার, নিউ ব্রান্সউইকের সেইন্ট জন এনার্জি ইনকর্পোরেশন পাবে ৫৩ লাখ ডলার এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের মেরিটাইম ইলেক্ট্রিসিটি পাবে ২০ লাখ ডলার।
এ ছাড়া স্মার্ট মিটারিংয়ের জন্য ব্যয় করা হবে ৮ লাখ ৭৫ হাজার ডলার। সেই সঙ্গে অফশোর কার্বন স্টোরেজের জন্য নিয়ন্ত্রণমূলক পথরেখা তৈরিতে ডালহৌসি ইউনিভার্সিটি পাবে ৭ লাখ ৪ হাজার ৮৯ ডলার।
ঘোষণা অনুযায়ী, মিলিব্রুক ফার্স্ট নেশন সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য পাবে ১০ লাখ ডলার। এই প্রকল্পের অবস্থান নোভা স্কশিয়ার ট্রুরোর কাছে।

