
অনলাইনে স্বাস্থ্যপণ্য ক্রয়ের ব্যাপারে কানাডিয়ানদের সতর্ক করে দিয়েছে হেলথ কানাডা। নকল ওষুধেল বিরুদ্ধে আন্তর্জাতিক এক অভিযানে কানাডায় প্রবেশের পথে বিপুল পরিমাণ নকল ওষুধ আটকে দেওয়ার পর এই সতর্কতা জারি করেছে সংস্থাটি।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৬ মে পর্যন্ত ইন্টারপোল ৯০টি দেশজুড়ে অপারেশন পাঞ্জি সপ্তদশ নামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কোটি ৮০ লাখ ডলার মূল্যের ৫ কোটি ৪ লাখ ডোজ অবৈধ ওষুধ জব্দ করে। এ ঘটনায় তারা ৭৬৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং বিশ^ব্যাপী ১২৩টি অপরাধী গ্রুপ ভেঙে দিতে সক্ষম হয়। সংস্থাটির ইতিহাসে এটাই সর্ববৃহৎ পণ্য জব্দ ও গ্রেপ্তারের ঘটনা।
ইন্টারপোলের সংঘবদ্ধ ও উদীয়মান অপরাধ বিভাগের পরিচালক ডেভিড কাউন্টার বলেন, নকল ও অনননুমোদিত ওষুধ জনবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব ওষুধে বিপজ্জনক ও অবৈধ এমন সব উপাদান থাকে, যা গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি মৃত্যুরও কারণ হতে পারে।
কানাডার ক্ষেত্রে হেলথ কানাডা দেশটিতে প্রবেশের অপেক্ষায় থাকা ১৯ হাজার ১৯৩টি প্যাকেজ পরীক্ষা করেছে। ৭ হাজার ৯৬ প্যাকেজ কানাডায় প্রবেশ ঠেকিয়ে দিয়েছে এবং নকল ও অননুমোদিত স্বাস্থ্যপণ্য থাকায় সীমান্তে আরও ৫৩৯টি প্যাকেট জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৭৮ হাজার ডলার।
জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৬৯ শতাংশ যৌন উত্তেজক ওষুধ। আরও ১০ শতাংশ সাপ্লিমেন্ট, যেগুলো ছিল ভেসজ ও ড্রায়েন্ট্রি আকারে। জব্দকৃত স্বাস্থ্যপণ্যের মধ্যে প্রায় ৪ শতাংশ ভেটেরিনারি এবং অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ, ২ শতাংশ হরমন, ২ শতাংশ অ্যান্টিবায়োটিক এবং এক শতাংশ ছিল ওজন কমানোর ওষুধ।
হেলথ কানাডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অনলাইনে বিক্রি হওয়া স্বাস্থ্যপণ্য বৈধ এবং নিরাপদ মনে হতে পারে। কিন্তু এগুলো কানাডায় বিক্রির জন্য অনুমোদিত নাও হতে পারে এবং স্বাস্থ্যের জন্যবিপজ্জনক হতে পারে।
সংস্থাটি বলেছে, অননুমোদিত স্বাস্থ্যপণ্যের কার্যকারিতা, নিরাপদতা ও গুণগত মান হেলথ কানাডা পরীক্ষা করে না এবং এর ফলে এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
উদাহরণ হিসেবে পণ্যগুলো নকল, বাজেভাবে মজুদ, বেঠিক লেবেল, মেয়াদোত্তীর্ণ এবং প্রত্যাহারকৃত হতে পারে।

