
টরন্টোর পাবলিক প্লেস, রাস্তা ও পার্কগুলো পরিচ্ছন্ন করার তিন মাসব্যাপী উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার সর্বোচ্চ ৪০০ কর্মী কাজ করবেন। মেয়র অলিভিয়া চাউ শনিবার ‘কিপ টরন্টো বিউটিফুল’ উদ্যোগ উদ্বোধন ঘোষণা করেন।
কাজের মধ্যে রয়েছে রাস্তা, হাঁটার পথ ও পার্কগুলো থেকে গ্রাফিতি, আগাছা ও প্লাস্টিক বোতল অপসারণ; রাস্তা ও পার্কগুলোর গাছ রক্ষণাবেক্ষণ; অবৈধ ডাম্পিং হটস্পটগুলো পরিচ্ছন্ন রাখার উদ্যোগ জোরদার; রাস্তা ঝাড়–; রাস্তায় সৃষ্ট গর্ত মেরামত; পেভমেন্ট মার্কিংগুলো মেরামত এবং বহুল ব্যবহৃত পার্কগুলোতে ৬০০ এর বেশি নতুন গার্বেজ ও রিসাইক্লিং বিন স্থাপন করা।
মেয়র অলিভিয়া চাউ বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য স্থান থাকা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং আমি সেটা জানি। অনেক সময় উপচেপড়া বর্জ্যরে কারণে রাস্তাগুলো ভালো অবস্থায় থাকে না এবং সেখানে প্লাস্টিকের বর্জ্য থাকে। এ কারণেই প্রত্যেকের জন্য আমাদের পরিচ্ছন্ন ও নিরাপদ সিটির ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, কিউআর কোড ব্যবহার করে টরন্টোর বাসিন্দারা এখন সহজেই জানাতে পারবেন যে, কোন বর্জ্য ও রিসাইক্লিং বিনগুলো খালি করা প্রয়োজন।
এ বছরের গোড়ার দিকে টরন্টোর পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগ এক প্রতিবেদনে নগরীর অডিটর জেনারেল বলেছিলেন, পার্ক অবকাঠামো রক্ষণাবেক্ষণের কথা বলা হলে এখানে উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। নগরীর পার্কের পরিচালক ডোনা কোভাচিস বলেন, অত্যাবশ্যকীয়ভাবে আমরা একটি কোয়ালিটি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করেছি। তাতে এমন সব অনুষঙ্গ আছে যাতে বলা আছে আপনি কীভাবে কাজ নথিকরণ করবেন, সেই কাজ কীভাবে আপনি পরিদর্শন করবেন এবং কাজের মান কেমন সেসব।
পার্ক পরিচ্ছন্নকরণ টিমে যুক্ত করার জন্য সিটি সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। সেই সঙ্গে আইটডোর পুলগুলো রক্ষণাবেক্ষণের জন্য আরও বেশি তত্ত্বাবধায়ক কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে সিটি কর্তৃপক্ষের।

