
টরন্টোতে ২০২৪ সালে হেইট ক্রাইম ১৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে টরন্টো পুলিশ। তবে চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের অপরাধ উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।
বার্ষিক হেইট ক্রাইম প্রতিবেদনে টরন্টো পুলিশ সার্ভিস বোর্ড বলেছে, গত বছরের এ ধরনের ৪৪৩টি ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। ২০২৩ সালে যেখানে এ সংখ্যা ছিল ৩৭২টি। এ হিসাবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে হেইট ক্রাইমের ঘটনা বৃদ্ধির হার তুলনামূলক শ্লথ ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এখন পর্যন্ত পুলিশের কাছে আসা হেইট ক্রাইম গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে।
কিন্তু পুলিশ বলছে, হেইট ক্রাইম এখনো বড় ধরনের উদ্বেগ হিসেবে রয়ে গেছে। কারণ, এ ধরনের বহু ঘটনা পুলিশকে জানানো হয় না। বিদ্বেষপ্রসত অপরাধের ঘটনায় ২০২৪ সালে মোট ১১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, পূর্ববর্তী বছরের তুলনায় যা ৮৪ শতাংশ বেশি। ২০২৪ সালে বিদ্বেষপ্রসূত ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে ২০৯টি। ২০২৩ সালে এ সংখ্যা ছিল যেখানে ১৫৬টি।
সবচেয়ে বেশি হেইট ক্রাইমের শিকার হয়েছে ইহুদি, এলজিবিটিকিউ+, কৃষ্ণাঙ্গ ও মুসলিম সম্প্রদায়ের লোকেরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, দক্ষিণ এশিয়া কমিউনিটিকে লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের ঘটনাও উল্লেখযোগ্য বেড়েছে। ২০২৩ সালে সংখ্যাটি ১৪ থাকলেও ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৪১টি।
টরন্টোতে হেইট ক্রাইমের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাস্তা ও গণপরিবহনে। বেশ কিছু শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে টরন্টো ট্রানজিট কমিশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তারা এই সমস্যা সমাধানে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

