
বিচারবিভাগীয় ভোট পুনঃগণনায় মিল্টন ইস্ট-হল্টন হিলস সাউথ রাইডিংয়ের লিবারেল প্রার্থী ক্রিস্টিনা টেসার ডার্কসেনের বিজয় নিশ্চিত হয়েছে। ডার্কসেন নিজেই এ কথা জানিয়েছেন। এই জয়ে ভোটের ব্যবধান ২৯টি থেকে কমে দাঁড়িয়েছে ২১টিতে।
ভোট মূল্যায়ন প্রক্রিয়ায় টেসার ডার্কসেন কনজার্ভেটিভ প্রার্থী পার্ম গিলকে সামান্য ব্যবধানে পরাজিত করার পর ইলেকশন্স কানাডা গত সপ্তাহে ভোট পুনঃগণনার নির্দেশ দেয়। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রদত্ত মোট ভৈধ ভোটের দশমিমক ১ শতাংশের কম হলে স্বয়ংক্রিয়ভাবে বিচারবিভাগীয় পুনঃগণনার আদেশ জারি হয়ে যায়।
নির্বাচনের রাতে গিলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ইলেকশন্স কানাডা ভোট মূল্যায়নের পর রাইডিংটি লিবারেল প্রার্থীর পক্ষে চলে যায়। এই ভোট পুনঃগণনার পর লিবারেলদের এমপি দাঁড়ালো ১৬৯ জনে, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে তিনটি কম।
ব্লক কুইবেকোয়িসের নেতা ইভস-ফ্রাসোয়াঁ ব্লাশে বৃহস্পতিবার বলেন, একটিমাত্র ভোটের ব্যবধানে টেরেবোন রাইডিংয়ে তাদের পরাজয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা।
ইলেকশন্স কানাডা এই সপ্তাহে স্বীকার করেছে যে, খামে ভুলবশত ছাপার কারণে টেরেবোন থেকে একটি বিশেষ ব্যালট একজন ব্লক ভোটারের কাছে ফেরত যায়। ছাপায় পোস্টাল কোডের শেষ তিনটি অংক ভুল হয়। এই ভুল সত্ত্বেও ইলেকশন্স কানাডা বুধবার বলেছে, বিচারবিভাগীয় পুনঃগণনার পর প্রাপ্ত ফলাফলই চূড়ান্ত।

