
আটলান্টিক কানাডায় শুরুটা ভালোই করেছিল কানাডার কনজার্ভেটিভ পার্টি। তবে টানা চতুর্থবারের মতো লিবারেলদের জয় থেকে বঞ্চিত করার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে এবারের ফেডারেল নির্বাচনেও জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকারে বসছে লিবারেলরা। হাউস অব কমন্স থেকে সংখ্যালঘু লিবারেল সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্ক কার্নি।
তবে হাউস অব কমন্সে যেতে পারছেন না কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। মঙ্গলবার সকাল পর্যন্তও কার্লেটন রাইডিংয়ে প্রতিদ্বন্দ্বী লিবারেল প্রার্থী ব্রুস ফ্যানজয়ের থেকে ৪ হাজার ভোটে পিছিয়ে ছিলেন পয়লিয়েভর।
এনডিপি নেতা জাগমিত সিংও বার্নাবি সেন্ট্রাল রাইডিংয়ে পরাজিত হয়েছেন। এই রাইডিংয়ে তিনি তৃতীয় হয়েছেন। এরপর এনডিপির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাগমিত সিং।
আটলান্টিক কানাডায় ভোট শেষ হওয়ার পর রাত সাড়ে ৭টা থেকে ফলাফল আসতে থাকে। কিন্তু রাত ১০টার মধ্যেই সব সংবাদ মাধ্যম লিবারেলদের জয়ের কথা ঘোষণা করতে থাকে। মাঝরাতে টোরিরা কিছুটা ঘুরে দাঁড়ালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
এবারের নির্বাচনে টরন্টোর অধিকাংশ রাইডিংয়ে জয় পেয়েছেন লিবারেল প্রার্থীরা। ইটোবিকোক সেন্টারে ইভান বেকার, ইয়র্ক সাউথ-ওয়েস্টনে আহমেদ হুসেন, ড্যাভেনপোর্টে জুলি জেরোভিক্স, ইটোবিকোক-লেকশোরে জেমস মালরোনি, ডন ভ্যালি ওয়েস্টে রব ওলিফ্যান্ট, পার্কডেল-হাই পার্কে করিম বার্ডিসি, স্কারবোরো সেন্টার-ডন ভ্যালি ইস্টে সামলা জাহিদ, স্কারবোরো নর্থে শন চেন, বিচেস-ইস্ট ইয়র্কে ন্যাট আস্কাইন-স্মিথ, স্পাদিনা-হারবারফ্রন্টে চি এনগুয়েন, স্কারবোরো এজিনকোর্টে জঁ ইপ, টরন্টো সেন্টারে ইভান সলোমন, ইউনিভার্সিটি-রোজডেলে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং স্কারবোরো সাউথইস্টে বিল ব্লেয়ার জয় পেয়েছেন। তারা সবাই লিবারেল পার্টির প্রার্থী।
গত বছরের নির্বাচনে টরন্টো-সেন্ট পলের উপনির্বাচনে কনজার্ভেটিভ প্রার্থী ডন স্টুয়ার্ট লিবারেল লেসলি চার্চকে পরাজিত করলেও এবার চার্চের কাছেই হেরে গেছেন তিনি। অনেক জিটিএ রাইডিংয়ের ফলাফলই এবার উল্টে গেছে।
সাবেক অন্টারিও এমপিপি রোমান বেবার টোরিদের টিকিটে ইয়র্ক সেন্টার থেকে জয় পেয়েছেন। লিবারেল প্রার্থী ইয়ারা স্যাকসকে হারিয়েছেন তিনি। এ ছাড়া ব্র্যাম্পটন ওয়েস্ট রাইডিং লিবারেল কমল খেরার কাছ থেকে জিতে নিয়েছেন কনজার্ভেটিভ প্রার্থী অমরজিৎ গিল। মারখাম-ইউনিয়নভিল রাইডিংয়ে লিবারেল প্রার্থী পিটার ইউয়েন কনজার্ভেটিভ প্রার্থী মাইকেল মার কাছে পরাজিত হয়েছেন। ব্রডকাস্টার গ্রেগ ব্র্যাডিকে হারিয়ে অ্যাজাক্স থেকে জয় পেয়েছেন সাবেক টরন্টো সিটি কাউন্সিলর জেনিফার ম্যাকেলভি। ভণ-উডব্রিজ রাইডিংয়ে টোরি প্রার্থী মাইকেল গাগলিয়েলমিনের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন লিবারেল প্রার্থী ফ্রান্সেস্কো সরবারা।
দক্ষিণ অন্টারিওতে লিবারেলরা তাদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। বার্লিংটন থেকে জয়লাভ করেছেন লিবারেল প্রার্থী কারিনা গোল্ড। এ ছাড়া বার্লিংটন নর্থ-মিল্টন ওয়েস্টে অ্যাডাম ভ্যান কোয়েভার্ডেন, ওয়াটারলুতে বার্ডিশ চ্যাগার এবং সেন্ট ক্যাথেরিন্সে ক্রিস বিটল তাদের আসন ধরে রেখেছেন।
কানাডাজুড়ে যেসব লিবারেল এমপি তাদের আসন ধরে রাখতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন ডমিনিক লাব্লাঁ, ফ্রাসোয়াঁ ফিলিপে শ্যাম্পেইন, জিনেট পেটিটপাস টেইলর, ক্রিস ডি’এন্ট্রেমন্ট, মাইকেল রেম্পেল গার্নার, মার্ক গেরেস্টন, মনা ফর্টিয়ের, ইয়ারি নাকভি এবং হাউস অব কমন্সের স্পিকার গ্রেগ ফার্গাস।
ব্লক কুইবেকোয়িসের নেতা ইভস-ফ্রাসোয়াঁ ব্লাশে বেলোইল-চ্যাম্বলিতে তার আসন ধরে রেখেছেন।

