
প্রধানমন্ত্রী মার্ক কারনি ৪৪তম সংসদ বিলুপ্ত করতে গভর্নর জেনারেলের সঙ্গে অবশেষে সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে কানাডার ইতিহাসে কোনো সংখ্যালঘু সরকারের এত দীর্ঘ সময় সরকারে থাকার অবসান ঘটছে। সেই সঙ্গে ২৮ এপ্রিল কানাডিয়ানরা ফেডারেল নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন।
২৪ মার্চ সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তার একদিন আগে রোববার গভর্নর জেনারেল মেরি সিমনের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্ক কারনি।
ইলেকশন্স আইন অনুযায়ী, কানাডিয়ানদের ভোটদানের জন্য পাঠাতে ২৮ এপ্রিল সবচেয়ে আগাম সম্ভাব্য তারিখ। আইনে সংসদ ভেঙে দেওয়ার পর ভোটের জন্য কমপক্ষে ৩৬ দিন সময় দিতে হয়।
সংসদ ভেঙে দেওয়ার সময় লিবারেলদের আসন ছিল ১৫৩টি এবং কনজার্ভেটিভদের ১২০টি। এ ছাড়া ব্লক কুইবেকোয়িসের আসন সংখ্যা ৩৩, এনডিপির ২৪, গ্রিন পার্টির ২টি এবং স্বতন্ত্র এমপি ছিলেন ৩ জন।
জাস্টিন ট্রুডোর উত্তরসূরী হিসেবে কারনি লিবারেল নেতা নির্বাচিত হন ৯ মার্চ। ১৪ মার্চ নতুন মন্ত্রিসভার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
লিবারেল পার্টি নিশ্চিত করেছে যে, কারনি নিপিয়ানের অটোয়া রাইডিং থেকে হাউস অব কমন্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত এক দশক ধরে লিবারেল এমপি চন্দ্র আর্য রাইডিংটি ধরে রেখেছেন। লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া আর্যকে গত সপ্তাহে জানিয়ে দেওয়া হয় যে, অটোয়া রাইডিংয়ে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।
কারনি তার প্রধান প্রতিপক্ষ কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের সংলগ্ন রাইডিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পয়লিয়েভর কার্লেটন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মধ্যবিত্তদের কর হ্রাসের ঘোষণার মধ্য দিয়ে লিবারেল নেতা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একই সঙ্গে তিনি কানাডার অর্থনীতিকে শক্তিশালী করা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।
কারনি বলেন, সর্বনি¤œ কর থেকে প্রান্তিক কর হার ১ শতাংশীয় পয়েন্ট কমানো হলে দুইজন আয় করে এমন পরিবারের ২ কোটি ২০ লাখের বেশি কানাডিয়ান সরাসরি উপকৃত হবেন। বছরে তাদের সাশ্রয় হবে ৮২৫ ডলার।
কারনি বলেন, সমস্যা নির্দেশ করার চেয়ে সমস্যা সমাধানে অভিজ্ঞতা তার বেশি। এটা প্রতিপক্ষ পিয়েরে পয়লিয়েভরের দিকে সরাসরি আক্রমণ। কারনি বলেন, আমেরিকান অর্থনৈতিক হুমকির কড়া জবাব দিতে নির্বাচন জরুরি হয়ে পড়েছে। কানাডাকে রক্ষায়, কানাডায় বিনিয়োগ, কানাডাকে নির্মাণ এবং কানাডাকে ঐক্যবদ্ধ করতে অনেক কিছু করতে হবে। এ কারণেই কানাডিয়ানদের কাছ থেকে আমি শক্তিশালী ও ইতিবাচক জনাদেশ চাইছি।
গণমাধ্যমের সঙ্গে কারনির কথা বলার ঘণ্টাখানেক আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেন পয়লিয়েভর। কুইবেকের গ্যাটিনোতে পয়লিয়েভর বলেন, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিভক্ত। কারণ, লিবারেল, মৌলবাদী, পোস্ট ন্যাশনাল, সীমান্তহীনতা এবং বৈশি^ক ভাবাদর্শ আমাদের জাতিকে দুর্বল করে দিয়েছে। চতুর্থ মেয়াদের জন্য মরিয়া লিবারেলরা জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত করেছে তারই অর্থনৈতিক উপদেষ্টাকে এবং তার উত্তরসূরী হিসেবে বেছে নিয়েছে। তিনি জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনবেন এবং অভিবাসন ব্যবস্থা ঠিক করবেন। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবেন।

