
আবারও নির্বাচিত হলে জিটিএর চারপাশে যাতায়াতের জন্য যাত্রীদের নতুন উপায়ের প্রতিশ্রুতি দিয়েছে অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভরা। পরিবহনমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ব্র্যাম্পটন দক্ষিণের পিসি প্রার্থী প্রাবমিত সরকারিয়া বৃহস্পতিবার গো ট্রেন নেটওয়ার্কের সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন, যাকে বলা হচ্ছে ‘গো ২.০’।
সরকারিয়া বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি আমাদের প্রদেশের বিনিয়োগের ওপর অব্যাহতভাবে আঘাত করছে এবং অনিশ্চয়তা তৈরি করছে। আমাদের লোকজনকে কাজে সম্পৃক্ত রাখা ও অর্থনীতির জন্য সহায়ক এ ধরনের প্রকল্প আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সরকারিয়া এই উদ্যোগকে রূপান্তরমূলক প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন, যা টরন্টোর যানজট কমাতে সহায়ক হবে। তিনি বলেন, একমাত্র অন্টারিও পিসি টিমেরই এই প্রকল্প সম্পাদনের লক্ষ্য রয়েছে। সেই সঙ্গে অন্টারিওর কর্মীদের জন্য নতুন চাকরি ও সুযোগ সৃষ্টির স্বপ্ন রয়েছে।
অন্টারিও লিবারেল নেতা বনি ক্রম্বি স্কারবোরোতে নির্বাচনী প্রচারণায় প্রদেশজুড়ে পারিবারিক চিকিৎসকপ্রাপ্তি উন্নত করার পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে আপনারা পারিবারিক চিকিৎসক পাবেন। এটা আমাদের অঙ্গীকার। সেই সঙ্গে যেখানে ও যখন প্রয়োজন স্বাস্থ্যসেবা পাবেন। এভাবেই আমরা অন্টারিওকে পরিবর্তন করতে যাচ্ছি।
‘আ ফ্যামিলি ডক্টর ফর ইউ’ শিরোনামে ক্রম্বির চার দফা পরিকল্পনার উদ্দেশ্য হাজারো নতুন পারিবারিক চিকিৎসককে শিক্ষা দেওয়া, তাদেরকে আকৃষ্ট করা এবং প্রশিক্ষণ দেওয়া। সেই সঙ্গে চার বছরের মধ্যে প্রদেশজুড়ে তাদের প্রাপ্যতা সম্প্রসারণ করা। ফ্যাক্স মেশিন বাতিল করে ফ্যামিলি মেডিসিন আধুনিকায়ন করা এবং কাউকে যাতে পারিবারিক চিকিৎসক ও ওয়াক-ইন ক্লিনিকের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে না হয় সেটা নিশ্চিত করাও তার পরিকল্পনার অংশ।
২৫ লাখের বেশি অন্টারিওবাসীর পারিবারিক চিকিৎসকপ্রাপ্তির সুযোগ নেই এবং সংখ্যাটি ৪০ লাখে উন্নীত হবে বলে মনে করছে লিবারেলরা।
অন্টারিওতে চলমান আবাসন ও জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত সংকটের মধ্যে প্রদেশের বাড়ি ভাড়ায় সংস্কারের অঙ্গীকার করেছে মারিট স্টাইলিসের এনডিপি। অন্টারিও এনডিপির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডগ ফোর্ডের সাত বছরের দায়িত্বকালে বাড়ি ভাড়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি। এই আবাসন সংকটের মধ্যে অন্টারিওর নিউ ডেমোক্র্যাটরা ভাড়াটিয়াদের সুরক্ষা দেবে। প্রকৃত ভাড়া আমরা নিয়ন্ত্রণ করব। এ খাতের খারাপ লোকদের আমরা নির্মুল করব এবং লোকজন যাতে ব্যয় নির্বাহ করতে পারে সে লক্ষ্যে আরও বেশি বাড়ি আমরা নির্মাণ করব।

