
নভেম্বরে কানাডায় বেকারত্বের হার ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। কারণ, দুর্বল কর্মবাজারে বেশি সংখ্যক মানুষ এখন চাকরি খুঁজছেন।
স্ট্যাটিস্টিকস কানাডার নভেম্বরের শ্রমশক্তি জরিপে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে গত মাসে বেকারত্বের হার ২০১৭ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চে পৌঁছেছে। আগের মাসে অর্থাৎ অক্টোবরে কানাডায় বেকারত্বের হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।
এদিকে নভেম্বরে অর্থনীতিতে নতুন করে ৫১ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে। এই সময়ে কর্মসংস্থান কেন্দ্রিভূত ছিল মূলত পূর্ণকালীন ও সরকারি খাতে।
নভেম্বরে শ্রমশক্তিকে অংশগ্রহণের হার দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। শ্রমশক্তিতে অংশগ্রহণের মাধ্যমে কাজের সন্ধান করা অথবা কর্মে নিয়োজিত কর্মক্ষম মানুষের অনুপাত নির্দেশ করে। অর্থনীতি অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সত্ত্বেও কেন বেকারত্বের হার বেড়েছে তার ব্যাখ্যা পাওয়া যায় এই বৃদ্ধির মাধ্যমে।
টিডির অর্থনীতি বিষয়ক পরিচালক জেমস অরল্যান্ডো সাম্প্রতিক এই উপাত্তকে বিশৃঙ্খলপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বেকারত্বের হার ও কর্মসংস্থান বৃদ্ধি বিপরীতমুখী ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি কানাডায় এক মাসে ৫০ হাজার নতুন চাকরি হতে দেখেন তাহলে আপনাকে বলতেই হবে যে, আমরা ভালো করছি। এবং এরপর আপনি অনুধাবন করবেন যে, শ্রমশক্তি মাসটিতে বিস্ফোরিত হয়েছে ও বেকারত্বের হার বৃদ্ধিতে চালকের ভূমিকা পালন করেছে।
২০২৩ সালের এপ্রিল থেকে কানাডায় বেকারত্বের হার উর্ধ্বমুখী। এই সময়ে দেশটিতে বেকারত্বের হার বেড়েছে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট। বেকার কানাডিয়ানদের জন্য এর অর্থ হলো কাজ ছাড়া দীর্ঘ সময় পর্যন্ত কাটানো।
কর্মসংস্থান প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে বেকার থাকা কানাডিয়ানদের মধ্যে ৪৬ দশমিক ৩ শতাংশ গত বছর কাজে ছিলেন না। এক বছর আগে এ হার ছিল ৩৯ দশমিক ৫ শতাংশ।
নভেম্বরে মজুরি বৃদ্ধির হারও শ্লথ ছিল। নভেম্বরে ঘণ্টাপ্রতি মজুরি বেড়েছে এক বছর আগের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ। অক্টোবরে যেখানে বেড়েছিল ৪ দশমিক ৯ শতাংশ।

