
স্কারবোরোর এটিএমে দুটি চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ছবি প্রকাশ করেছে টরন্টো পুলিশ। বয়স্কদের উদ্দেশ্য করে চুরির ওই ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, কিংস্টন এবং পোর্ট ইউনিয়ন রোড এলাকায় গত ফেব্রুয়ারি এবং মার্চে ঘটনা দুটি ঘটে। দুই সন্দেহভাজনকে ভুক্তভোগীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভুক্তভোগীরা সে সময় এটিএমে অর্থ উত্তোলন করছিলেন এবং সন্দেহভাজনরা তাদের পেছনে খুব কাছাকাছি দাঁড়িয়ে তাদের পিন নাম্বার নেয়।
পুলিশের অভিযোগ, একজন সন্দেহভাজন ইচ্ছাকৃতভাবে ভুক্তভোগীর পায়ে অর্থ ফেলে দেয় এবং তাদের মনোযোগ ভিন্নখাতে নেওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হন। এরই মধ্যে দ্বিতীয় সন্দেহভাজন ভুক্তভোগীদের বিপরীত দিক থেকে হেঁটে যায় এবং ভুক্তভোগীর অ্যাকাউন্টে প্রবেশ করেন এবং তারা যখন অন্যমনষ্ক হয়ে পড়েন তখন লেনদেন সেরে ফেলেন। এক সময় সন্দেহভাজন এটিএম থেকে ভুক্তভোগীর ব্যাংক কার্ড হস্তগত করেন।
এই দুই সন্দেহভাজনের ছবির পাশাপাশি তাদের বর্ণনাও তুলে ধরেছে পুলিশ। একজন সন্দেহভাজনের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি এবং সুঠাম দেহের। কালো দাড়ির ওই ব্যক্তি ঘটনার সময় হুডিযুক্ত কালো জ্যাকেট পরিহিত ছিলেন। পায়ে ছিল জুতা এবং পরনে নীল রঙের জিন্স।
অপর সন্দেহভাজনের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং দাড়ি গোফ নেই। ঘটনার সময় তার পরনে ছিল কালো অথবা ধূসর রঙের জ্যাকেট, ধূসর প্যান্ট ও সোয়েটার।
পুলিশ বলেছে, চুরির ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ওই দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬৮০৮৪৩০০ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

