
বেশ কিছু প্রদেশে পাঠানো শশা সম্ভাব্য সালমোনেলা দূষণের কারণে প্রত্যাহার করা হয়েছে। সানফেড প্রডিউস বলেছে, ১২ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে বিক্রি হওয়া তাদের তাজা আমেরিকান শশা প্রত্যাহার করা হচ্ছে। ইউ.এস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) পণ্যটিতে সালমোনেলা উপস্থিতি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সানফেড নিজেই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি জানায়। তারা বলেছে, প্রত্যাহারকৃত এই শশা বৃহৎ আকারের কার্ডবোর্ড কনটেইনারে ভর্তি করা হয়েছিল। তাতে সানফেডের লেবেল ছিল। অথবা সাদা বক্স বা কালো প্লাস্টিকে ক্রেটে ভরা ছিল এবং স্টিকারে উৎপাদকের নাম লেখা ছিল অ্যাগ্রোটাটা, এস.এ. ডি সি.ভি.।
সানফেড বলেছে, এসব শশা আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, ক্যালগেরি, সাস্কেচুয়ান এবং অন্টারিওতে পাঠানো হয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে পাঠানো হয় এসব শশা।
সানফেডের প্রেসিডেন্ট ক্রেইগ স্লেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বিষয়টি জানার পরপরই আমরা ভোক্তাদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং খামারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এর কারণ নির্ধারণ করা সম্ভব হয়।
ইউ.এস. সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শুক্রবার বলেছে, শশা থেকে সংক্রমণে ১৯টি রাজ্যের ৬৮ জন অসুস্থ্য হয়েছেন। এর মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে কেউ মারা যায়নি।
দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ) নিজেরাও খাদ্য নিরাপত্তা সদন্ত পরিচালনা করছে, যার ফলে তারাও কানাডায় এসব পণ্য প্রত্যাহারের আদেশ দিতে পারে। সিএফআইএ এখন পর্যন্ত কানাডিয়ানদের এসব পণ্য ব্যবহার, বিক্রি, সরবরাহ অথবা বিতরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

