Latest Posts

নিরাপদ হলিডে শপিং: প্রতারণা থেকে বাঁচতে বিশেষজ্ঞদের সতর্কবার্তা

- Advertisement -
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে এবং বড়দিনের আগে-পরে প্রতারণার ঘটনা প্রায় দ্বিগুণ হয়ে যায়

ছুটির মৌসুম মানেই অফারের ছড়াছড়ি, ভিড় জমে শপিং মলে ও অনলাইনে। কিন্তু এই সময়টাই প্রতারকদের জন্য সবচেয়ে লাভজনক। বিশেষজ্ঞদের মতে, অনলাইন কেনাকাটার বৃদ্ধি ও ক্রেতাদের উদ্দীপনা প্রতারণার ঝুঁকি আরও বাড়াচ্ছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে এবং বড়দিনের আগে-পরে প্রতারণার ঘটনা প্রায় দ্বিগুণ হয়ে যায়। ২০২৩ সালে আলবার্টায় প্রতারণার মোট অভিযোগ ছিল ৮,৭০০টির বেশি। এর মধ্যে ২,৩৯৯টি ঘটনায় ক্ষতির পরিমাণ ৫,০০০ ডলারের বেশি এবং ৬,৩৭৪টি ঘটনায় ৫,০০০ ডলারের কম অর্থ হারানো হয়েছে। বিশেষভাবে বছরের শেষ দুই মাসে ৫,০০০ ডলারের বেশি জালিয়াতির ৪৩২টি অভিযোগ ও একই পরিমাণ ক্ষতির ১,০৮৫টি ছোটখাটো প্রতারণা মামলা নথিভুক্ত হয়েছে।

- Advertisement -

বাংলাদেশি-কানাডিয়ান সাইবার নিরাপত্তা বিশ্লেষক রাসেদ শেখ বাংলামেইলকে বলেছেন, “এখনকার প্রতারণা অতীতের তুলনায় অনেক বেশি উন্নত ও সংগঠিত। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার করে প্রতারকরা সহজেই বিশ্বাসযোগ্য ইমেইল, ওয়েবসাইট বা বিজ্ঞাপন তৈরি করতে পারছে, যা সাধারণ ভোক্তার পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব। আগে প্রতারণার ইমেইলে বানান ভুল বা সন্দেহজনক ভাষা দেখে সহজেই বোঝা যেত এটি ভুয়া। এখন মাত্র কয়েকটি প্রম্পট ও ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ বৈধ ও বাস্তবসম্মত কনটেন্ট তৈরি করা সম্ভব, ফলে প্রতারণা আরও মারাত্মক।”

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে ফিশিং ইমেইল, ভুয়া টেক্সট মেসেজ এবং নকল ডেলিভারি নোটিফিকেশন।

ক্রেতাদের মোবাইলে “আপনার প্যাকেজ রাস্তায় আছে” বা “ডেলিভারি কনফার্ম করতে ক্লিক করুন” ধরনের বার্তা পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করলেই হ্যাকাররা ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাকিব কোটাক বাংলামেইলকে বলেন, “অনেকে এখনো মনে করেন কেবল ইমেইলই বিপজ্জনক, কিন্তু মোবাইল টেক্সটেও প্রতারণা হচ্ছে। ‘আপনার অর্ডার পাঠানো হয়েছে’ বা ‘অ্যাকাউন্টে সমস্যা’ ধরনের লিঙ্কে ক্লিক করলে মুহূর্তেই তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই খুব সতর্ক থাকা জরুরি।”

তিনি ক্রেতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে ১. অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, বিশেষ করে ইমেইল বা টেক্সট থেকে আসা। ২. কেনাকাটার সময় শুধুমাত্র বিশ্বস্ত ও নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করুন। ৩. ওয়েবসাইটের ঠিকানায় “https” আছে কিনা নিশ্চিত করুন। ৪. সন্দেহজনক অফার বা অতি কম মূল্যের পণ্য দেখেও আকৃষ্ট হবেন না। এবং ৫. ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের লেনদেন নিয়মিত যাচাই করুন।

কানাডিয়ান অ্যান্টি-ফ্রড সেন্টার জানিয়েছে, ২০২৩ সালে অনলাইন শপিং প্রতারণায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

বাংলামেইলের অনুসন্ধানে দেখা গেছে, প্রতারণার বড় অংশ হচ্ছে আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত নকল ওয়েবসাইট। জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্রেতাদেরকে “ডিপ ডিসকাউন্ট” অফার দেখানো হয়, অর্থ পাঠানোর পর ওয়েবসাইট উধাও হয়ে যায়।

একজন ভুক্তভোগী ক্রেতা বাংলামেইলকে বলেছেন, “বড়দিনের সময় একটি ওয়েবসাইট থেকে মোবাইল ফোন কিনেছিলাম, দাম অন্যদের তুলনায় অনেক কম ছিল। অর্থ পাঠানোর পর আর কোনো যোগাযোগ পাইনি। পরে বুঝতে পারি, পুরো ওয়েবসাইটটাই ভুয়া।”

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, অনলাইন কেনাকাটায় যতটা উৎসাহ, ততটাই সতর্কতা জরুরি। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারকদের কৌশলও তত দ্রুত পরিবর্তিত হচ্ছে তবে সচেতন ব্যবহারকারীর কাছে তাদের ফাঁদ টিকবে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.