
কুইবেকের বিতর্কিত দুটি নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ট্রিয়ল এরিয়ার দুজন এমপি। কখন স্বাস্থ্যকর্মীরা ফ্রেঞ্চ ভাষার বাইরে অন্য ভাষায় সেবা দিতে পারবেন তার একটি রূপরেখা দেওয়া আছে এতে।
গত মাসে প্রকাশিত এই নির্দেশিকায় ক্ষুব্ধ হয়েছেন কুইবেকের অ্যাঙ্গলোফোন কমিউনিটি। এর ফলে ইংরেজিতে তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিয়ন্ত্রিত হতে পারে বলে উদ্বিগ্ন তারা। এদিকে কুইবেকের সরকার দাবি করেছে, রোগীদের পছন্দর ভাষায় এখনো স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
নটরডেম-ডি-গ্রেস-ওয়েস্টমাউন্টের ফেডারেল এমপি আনা গেইনি বলেন, যেভাবে তারা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করেন এই নির্দেশিকা তাতে বিঘœ ঘটাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তার আসনের বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন, ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক হল্যান্ডের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন।
বিবৃতিতে তিনি লিখেছেন, এটা পরিস্কার যে, এই নির্দেশিকা যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে তার ফলাফল প্রতিকূল হতে পারে, যাকে অস্বীকার করা যাবে না। এ নিয়ে স্পষ্টতা খুবই জরুরি। রোগীরা কোন ভাষা বেছে নেবেন সেটা তাদের হাতে থাকাই শ্রেয়।
গেইনি বলেন, কুইবেক যেনো কানাডা স্বাস্থ্য আইনের মৌলিক নীতির প্রতি শ্রদ্ধাশীল হয় সে ব্যাপারে তাদের ওপর চাপ দিতে প্রস্তুত থাকা উচিত অটোয়ার। স্বাস্থ্যসেবাপ্রাপ্তি এই আইনের অন্তর্ভুক্ত।
মাউন্ট রয়্যালের এমপি অ্যান্থনি হাউজফেদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গেইনির ভাবনা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোগীরা যে ভাষাকে পছন্দ করবেন সেটিই সর্বাগ্রে থাকা উচিত।
গেইনি ও হাউজফেদার উভয়েই মন্ট্রিয়লের অ্যাঙ্গলোফোন অধ্যুষিত রাইডিংয়ের প্রতিনিধিত্ব করেন।

