
কানাডায় বাড়ি ভাড়া বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বৃদ্ধির এই হার আগের বছরের চেয়ে শ্লথ আছে। এমনটাই জানিয়েছে নতুন এক প্রতিবেদন।
আবাসিক ভবনের জন্য জুলাইয়ে দাবিকত ভাড়া ছিল ২ হাজার ২০১ ডলার, গত বছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালের প্রথম দিকে পর থেকে বার্ষিক ভাড়া বৃদ্ধির এটাই সর্বনি¤œ হার। যদিও অতি সম্প্রতি ভাড়া বৃদ্ধির হার ১০ শতাংশের ওপরে উঠেছিল।
জনসংখ্যা বৃদ্ধি হার কমে যাওয়ায় ও চাহিদা হ্রাস পাওয়ায় মহামারির সময় চাপটা কম ছিল এবং ২০২০ সালের মার্চে মাসিক বাড়ি ভাড়া গড়ে ১ হাজার ৬৮৫ ডলারে নেমে আসে। এর পর থেকে ভাড়া বেড়েছে গড়ে ৩১ শতাংশ।
সাম্প্রতিক সময়ে বাড়ি ভাড়া বেশি বাড়তে দেখা যাচ্ছে ছোট বাজারগুলোতে। অপেক্ষাকৃত বড় শহরগুলোতে বার্ষিক ভাড়া বৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছে। কারণ, ভাড়া বাজারে কন্ডো নির্মাণ শেষ হওয়ার ঢেউ উঠেছে।
উপাত্ত অনুযায়ী, জুলাইয়ে ভ্যানকুভারে বাড়ি ভাড়া কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে মাসিক গড়ে ৩ হাজার ১০১ ডলার। টরন্টোতে ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭১৯ ডলার। অন্যদিকে কুইবেকে ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে গড়ে ১ হাজার ৬৫৭ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া হ্যালিফ্যাক্সে ১৮ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৩৭৩ ডলার এবং সাস্কাটুন, এডমন্টন ও রেজিনার মতো প্রেইরির শহরগুলোতে বাড়ি ভাড়ায় দুই অঙ্কের ঘরে প্রবৃদ্ধি হয়েছে।
সার্বিকভাবে অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়া বাদে সব প্রদেশেই বাড়ি ভাড়া বেড়েছে। এর মধ্যে সাস্কাচুয়ানে বেড়েছে ২২ দশমিক ২ শতাংশ।
আঞ্চলিকভাবে মাসিকভিত্তিতে বাড়ি ভাড়ায় পরিবর্তন দেখা গেলেও জাতীয় পর্যায়ে বেড়েছে সামান্য। চলতি বছরের জুলাইয়ে বাড়ি ভাড়া বেড়েছে আগের মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ। জুনে যেখানে দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন সপ্তাহে বাড়ি ভাড়া মোটামুটি একই ছিল। মে থেকে জুলাই পর্যন্ত জাতীয় পর্যায়ে বাড়ি ভাড়া কমেছে মাত্র এক ডলার।

